চলন্ত বাসে আচমকা আগুন। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে। এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে খবর। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রের খবর, কৃষ্ণনগরের দিক থেকে করিমপুরের দিকে যাচ্ছিল ওই বেসরকারি বাসটি। হঠাৎই বাসের কোনও একটি অংশ থেকে আগুনের ফুলকি দেখা যায়। বিষয়টি নজরে আসতেই বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এরপর দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরাও নিরাপদে রয়েছেন। তবে ঠিক কী কারণে চলন্ত বাসে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, বৈদ্যুতিক গোলযোগ নাকি অন্য কোনও কারণে আগুন— তা খতিয়ে দেখছে দমকল।
চলন্ত বাসে আচমকা আগুনের ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে বাসটির রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।