বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, বৃহস্পতিবারই বাংলাদেশের উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি, বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কতটা, জোয়ার-ভাটার সময় কখন, শুক্রবার সূর্যোদয়-সূর্যাস্তের সময় কখন? রইল বিস্তারিত আপডেট
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ বাংলাদেশের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। । এ ছাড়াও, হরিয়ানা, জম্মু, এলাহাবাদ হয়ে একটি মৌসুমি অক্ষরেখা বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই ওয়েদার সিস্টেমের জোড়া ফলায় বাংলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। শুক্রবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশের আশেপাশে থাকতে পারে।
শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিতে ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার সকাল ১০টা ০৩ মিনিটে জোয়ার শুরু হবে। ভাটা পড়বে বেলা ১টা ১৬ মিনিটে। এর পরে রাত ১০টা ৩০ মিনিটে জোয়ার আসবে। ভাটা শুরু হবে রাত ১টা ৩৬ মিনিটে।
শুক্রবার ভোর ৫টা ২২ মিনিটে সূর্যোদয় হবে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে।