• শুভেন্দুর হুঁশিয়ারির পরেই অ্যাকশন, বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার কংগ্রেস নেতা
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে নামল পুলিশ। বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ। শুক্রবার ভোরে টালিগঞ্জের বাড়ি থেকে তাঁকে পাকড়াও করা হয়।

    চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে এসে একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। সেখানেই দুর্গাপুজোর সময়ে আমিষ খাওয়া নিয়ে সরব হয়েছিলেন তিনি। ধীরেন্দ্রর মতে, এই সময়ে যাঁরা আমিষ আহার করেন, তাঁরা পাখণ্ডী বা ভণ্ড। রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকী, বিজেপি নেতারাও ধীরেন্দ্রর মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন।

    এর পরেই ভবানীপুর থানার সামনে ধীরেন্দ্রর ছবি পুড়িয়ে প্রতিবাদ জানান কংগ্রেস নেতারা। সেই কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন অতনু। কিন্তু সেই ঘটনায় ক্ষুব্ধ হন শুভেন্দু। বৃহস্পতিবার বিধানসভায় তিনি সরাসরি বলে দেন, ‘ভবানীপুর থানার সামনে কিছু লোককে ছবি পোড়াতে দেখেছি। আমি পুলিশ কমিশনারকে বলছি, এদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমাদের রাজ্যে এই সব বরদাস্ত হবে না।’

    শুভেন্দুর মন্তব্যের পরেই অ্যাকশনে নামে পুলিশ। রাতেই অতনুর টালিগঞ্জের বাড়িতে হানা দেয় ভবানীপুর থানার পুলিশ। সেই সময়ে বাড়িতেই ছিলেন কংগ্রেস নেতা। অতনুকে গ্রেপ্তার করে ভবানীপুর থানায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    অতনুর গ্রেপ্তারির প্রতিবাদে ক্ষুব্ধ কংগ্রেস নেতারা। মুখ্যমন্ত্রী শুভেন্দুর গ্রেপ্তারি মন্তব্যের বিরোধিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেখানেই গণতন্ত্রের প্রতি কংগ্রেসের সঙ্কল্পের কথা জানিয়ে তিনি লেখেন, ‘জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কোনও অন্যায়ের সামনেই কংগ্রেস মাথা নত করেনি। কংগ্রেস সৈনিকরা প্রতিবাদের পথ থেকে সরে যাননি।’

  • Link to this news (এই সময়)