• ‘ভালো চা খাইয়েছে, কোনও দাবি মানা হয়নি’, কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে হুঁশিয়ারি ওয়াংচুকের
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • আবারও কি কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নামছেন সোনম ওয়াংচুক? কেন্দ্রের পক্ষ থেকে লাদাখের দাবিদাওয়া নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করা না হলে আগামী ১৯ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে মেগা আন্দোলনে নামতে চলেছে বাস্তবের র‍্যাঞ্চো। তিনি একা নন, তাঁর সঙ্গে আন্দোলনে নামছে লেহ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ)।

    আসলে লাদাখ ও লেহ’বাসীর দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন সোনম। ২০১৯ সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। তারপর থেকেই পূর্ণ রাজ্যের স্বীকৃতি নিয়ে সরব সেই অঞ্চলের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই লাদাখের মানুষ দাবি করেছেন, পূর্ণ রাজ্য হিসাবে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হোক তাঁদের। সেসময় আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছিল ওয়াংচুককে। বেশ কিছুদিন জেলে ছিলেন তিনি। পরে কেন্দ্রের তাঁকে ছেড়ে দেওয়া হয়। কেন্দ্রের তরফে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দেওয়া হয়। লাদাখের স্থানীয় সংগঠনগুলির দাবি, আলোচনা শুরু হয়েছে বটে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

    শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের বৈঠক ছিল ওয়াংচুকদের দু’ই সংগঠনের। কিন্তু সেখানেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। বৈঠক শেষে ওয়াংচুক বলেছেন, “ভালো আন্তরিক আলোচনা হয়েছে। খুব ভালো চা খাইয়েছে। কিন্তু আমাদের মূল দাবিদাওয়া নিয়ে কোনও গঠনমূলক পদক্ষেপের আশ্বাস মেলেনি। ফলে আলোচনা একটুও এগোয়নি।” ওয়াংচুক জানিয়েছেন, লাদাখবাসীর কিছু দাবি সরকারের হাতে লিখিত আকারে তুলে দেওয়া হয়েছে। সেই দাবিগুলি নিয়ে কোনওরকম আপস করা হবে না।

    লেহ অ্যাপেক্স বডি ও কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স একযোগে জানিয়ে দিয়েছে, কেন্দ্রের কাছে আর মাত্র এক সপ্তাহ সময় আছে। যদি এই এক সপ্তাহের মধ্যে তাঁদের দাবিদাওয়া নিয়ে গঠনমূলক কোনও প্রস্তাব না পাঠায় কেন্দ্র, তাহলে বড়সড় আন্দোলন হবে। সোনম ওয়াংচুক জানিয়েছেন, লাদাখ ও সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করা হলে আগামী ১৯ সেপ্টেম্বরের পর তাঁরা বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবেন। ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন ওয়াংচুক। সমগ্র ভারতবাসীর কাছে তাঁর আর্জি, “আপনারা লাদাখের পাশে দাঁড়ান।”
  • Link to this news (প্রতিদিন)