বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর শাস্তি! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মধ্যরাতে গ্রেপ্তার কংগ্রেস নেতা
প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
মধ্যপ্রদেশের বিতর্কিত বাগেশ্বর বাবা অর্থাৎ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পোড়ানোর শাস্তি! মধ্যরাতে টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাস। গ্রেপ্তারির ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস। তাঁদের কথায়, “বাগেশ্বর বাবা বাঙালি জাতিকে অপমান করল, প্রতিবাদ করায় আমাদের নেতাকে গ্রেপ্তার করা হল।”
গত কয়েকদিন ধরেই চর্চায় বাগেশ্বর বাবা। সম্প্রতি বাংলায় একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তাঁর কথায়, পুজোয় যারা আমিষ খান তাঁরা ‘পাখণ্ডী’ অর্থাৎ পাপী বা ভণ্ড। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় ওঠে। খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি দাবি করেছিলেন, বাগেশ্বর বাবার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ‘পাখণ্ডী’ মন্তব্যের প্রতিবাদে ভবানীপুরে বাগেশ্বর বাবার ছবি পোড়ায় কংগ্রেস। রাজ্যের একাধিক জায়গায় পাখণ্ডী মন্তব্যের প্রতিবাদে সরব হয় কংগ্রেস। এসবের মাঝেই বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ভবানীপুর থানার সামনে কিছু লোককে ছবি পোড়াতে দেখেছি। আমি পুলিশ কমিশনারকে বলছি, এদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এ রাজ্যে এসব বরদাস্ত করা হবে না।” তার কয়েকঘণ্টার মধ্যেই পদক্ষেপ।
বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে টালিগঞ্জের বাড়ি থেকে গ্রেপ্তার করল ভবানীপুর থানায় পুলিশ। এই গ্রেপ্তারিতে ফুঁসে উঠেছে কংগ্রেস। তাঁদের কথায়, “বাগেশ্বর বাবা বাঙালি জাতিকে অপমান করল, প্রতিবাদ করায় আমাদের নেতাকে গ্রেপ্তার করা হল। অথচ এতদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীদের কুশ পুতুল পোড়ানো হলেও কোনও মামলা হয়নি।” কংগ্রেসের সাফ কথা, বাঙালির অপমান করা হলে তাঁরা প্রতিবাদ করবেনই।