• রেজিনগরে কংগ্রেসের প্রার্থী কি অধীর চৌধুরী?
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনে ওই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর উদ্দেশ্যে আবেদন রাখলেন ফরাক্কার প্রাক্তন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। বৃহস্পতিবার তিনি অধীর চৌধুরীর কাছে এই আবেদন রাখার পাশাপাশি জানিয়ে দিয়েছেন আগামী ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর কলকাতায় রাজ্য এবং জাতীয় স্তরের কোনও নেতার হাত থেকে কংগ্রেসের পতাকা গ্রহণ করবেন। তারপর দল যদি ‘অনুমতি’ দেয় তাহলে তিনি নিজেও কংগ্রেসের প্রতীকে রেজিনগর উপনির্বাচনের লড়তে রাজি। 

    ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পাঁচবারের কংগ্রেস বিধায়ক মইনুল হককে পরাজিত করে ফরাক্কা আসনে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন মনিরুল। তবে ২০২৬-এর নির্বাচনে মনিরুলকে তৃণমূল নির্বাচনে লড়ার জন্য আর মনোনয়ন দেয়নি। তাঁর পরিবর্তে ওই আসন থেকে লড়েছিলেন সামশেরগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম। যদিও বিধানসভা নির্বাচনে আমিরুল কংগ্রেস প্রার্থী মাহতাব শেখের কাছে ফরাক্কা কেন্দ্রে পরাজিত হন। 

    রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করছিলেন মনিরুল ইসলাম। সম্প্রতি তিনি ঘোষণা করেন, মুর্শিদাবাদে অধীর চৌধুরীর হাত ধরে নয় রাজ্য এবং জাতীয় স্তরের কোনও নেতার হাত ধরে কংগ্রেসে যোগদান করবেন। বৃহস্পতিবার মনিরুল ইসলাম বলেন, “আমি চাই অধীর চৌধুরী এবং মমতা ব্যানার্জির মতো নেতা-নেত্রীরা বিধানসভায় যাক। তাঁরা ভাল বক্তা। তাঁরা বিধানসভায় থাকলে বিরোধীদের কণ্ঠস্বর শক্তিশালী হবে।”

    প্রসঙ্গত, ২৬-এর বিধানসভা নির্বাচনে অধীর নিজে বহরমপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। উপনির্বাচনে অধীর এবং মমতা যদি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন তাঁদের কাছে ফের রাজ্য বিধানসভায় যাওয়ার দরজা খুলে যাবে। 

    মনিরুল বলেন, “আমি চাই অধীর চৌধুরী মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচনে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করুন এবং মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আসনে লড়াই করে বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে হারিয়ে রাজ্য বিধানসভায় যান।”

    তাঁর আরও দাবি, “এমাসেরই ১৪ অথবা ১৫ তারিখ আমি কলকাতায় রাজ্য এবং জাতীয় স্তরের কংগ্রেস নেতৃত্বের হাত ধরে কংগ্রেসের পতাকা গ্রহণ করব এবং তারপর থেকেই ফরাক্কায় সক্রিয়ভাবে কংগ্রেসের রাজনীতি শুরু করব। কংগ্রেসে যোগদান করার পর যদি শীর্ষ নেতৃত্ব মনে করে আমাকে রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রার্থী করবে তাহলে আমিও দলের স্বার্থে সেখানে লড়তে প্রস্তুত।”

    যদিও মনিরুলের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ জেলা কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, “আজকের দিনে দাঁড়িয়ে মনিরুল ইসলাম কংগ্রেসের একজন সাধারণ কর্মীও নন। আগে উনি কংগ্রেসে যোগ দিন তারপর ওঁর কথার উত্তর দেওয়া হবে। উনি তৃণমূল কংগ্রেসে থাকার সময়ে বেশি কথা বলার জন্য দলে গুরুত্বহীন হয়ে পড়েছিলেন এখনও উনি বেশি কথাই বলছেন।”

    কংগ্রেস সূত্রের খবর, রেজিনগর উপনির্বাচনের জন্য মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেস সদস্য মহম্মদ আব্দুললাহিল কাফির নাম দিল্লিতে শীর্ষ নেতৃত্বের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত ভাবতা এলাকার বাসিন্দা কাফি ইতিমধ্যে রেজিনগর উপনির্বাচনের ইআরও অফিস থেকে অ্যানেক্সচার-৫৪ সংগ্রহ করে নিয়েছেন বলেও জানা গিয়েছে। 

    জয়ন্ত বলেন, “কংগ্রেসের প্রার্থী কে হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের শীর্ষ নেতৃত্বেই নিয়ে থাকেন। রেজিনগর উপনির্বাচনে আমাদের দলের প্রার্থী কে হবে সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিল্লি থেকেই হবে।”

    রানীনগরের কংগ্রেস বিধায়ক জুলফিকার আলি বলেন, “কোন নেতা কোথায়, কার হাত ধরে কংগ্রেসের যোগদান করবেন সেটা দলীয় সিদ্ধান্ত, এই বিষয়ে আমার কিছুই বলার নেই। তবে আমি যতটুকু জানি অধীর চৌধুরী রেজিনগর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।” তিনি বলেন, “মমতা ব্যানার্জি একটি ভিন্ন রাজনৈতিক দল করেন। তিনি কোন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অথবা করবেন না সেই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই।”

    রেজিনগর উপনির্বাচনের জন্য ‘আমজনতা উন্নয়ন পার্টি’ ইতিমধ্যেই হুমায়ুন কবীরের পুত্র গোলাম নবি আজাদের নাম ঘোষণা করে দিয়েছে। গতকালই গোলাম নবি আজাদ বহরমপুরে প্রশাসনিক ভবনে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাম এবং বিজেপিও তাদের দলের প্রার্থীর নাম ঘোষণা করেনি। সূত্রের খবর, রেজিনগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী হওয়া দৌড়ে বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন ছাড়াও প্রাক্তন সাংগঠনিক জেলা সভাপতি শাঁখারভ সরকারও রয়েছেন। এর পাশাপাশি বহরমপুরের বাসিন্দা রুপোলি পর্দার এক অভিনেতার নামও শোনা যাচ্ছে। অন্যদিকে, বামেদের তরফ থেকে রেজিনগর আসনে এবার আরএসপি-র লড়ার কথা রয়েছে। সেক্ষেত্রে ওই কেন্দ্রে তারা মুর্শিদাবাদ জেলার এক স্কুল শিক্ষিকাকে প্রার্থী করতে পারেন বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)