আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকেই বেলায় বেলায় আপডেট। নজর ছিল, শুক্রবার কি আদৌ হবে শ্রীরামপুরে মমতার সভা। বৃহস্পতিবার বিকেলে এল বড় আপডেট। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। ঠিক সেই কারণেই, ওই জায়গায় নির্দিষ্ট সময়ে সম্ভব নয় সভা। ফলে, যে সভার দিকে নজর ছিল সকাল থেকে, তা স্থগিত। শুক্রবারের সিদ্ধান্তে সভা নিয়ে কোনও সদুত্তর উঠে আসতে পারে, তেমনই সম্ভাবনা।
হুগলির শ্রীরামপুরে কালীঘাট তৃণমূল মিছিল করতে চেয়েছিল। সেই মিছিলে অনুমতি না মিললেও, মমতা ব্যানার্জিকে শর্তসাপেক্ষ জমায়েতের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ওই নির্দেশের কয়েকঘণ্টার মধ্যেই বড় মোড় নেই মামলা। আদালতের অনুমতিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় মামলা। মাহেশ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের আপ্ততির বিষয়টিও সামনে আসে। কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠলরাও ঘুগের বেঞ্চে আবেদন করেছেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। তিনি জানিয়েছিলেন, ‘মাহেশ জগন্নাথ মাঠ ব্যাক্তি মালিকানার। মাঠ কর্তৃপক্ষ অনুমতি না দিলে পুলিশ একক বেঞ্চের নির্দেশ কীভাবে কার্যকর করবে?’ সে কারণেই একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে বলে জানান।
এদিন অসিত মজুমদার বলেন, 'মাহেশ স্নানপিড়ি মাঠের মালিক পক্ষ (মন্দির কমিটি) মাঠ দিতে রাজি না হওয়ায় আগামীকালের মমতা বন্দ্যোপাধ্যায় এর সভা করা নিয়ে আবার কোর্টে তারা একটি মামলা দায়ের করে। তাই বিষয়টি এখনো কোর্টে বিচারাধীন এবং আগামী কাল কোর্টে তার শুনানি হবে ।
কোর্টে বিচারাধীন থাকার জন্য আপাতত কালকের এই সভার সময় এবং স্থান ও সভার কাজকর্ম স্থগিত রাখা হলো, আগামীতে সভা কোথায়, কখন হবে তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।'