বাগবাজারের শতাব্দী প্রাচীন দুর্গাপুজোর জটিলতা কাটল?
আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: আইনি জটিলতায় আটকে বাগবাজার। নজর ছিল বৃহস্পতিবারের দিকে। তবে বৃহস্পতিতেও কলকাতার ঐতিহ্যবাহী বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর আইনি জট কাটল না। পুজো কমিটির যে বিবাদ গড়িয়েছিল আদালত পর্যন্ত, কলকাতা হাইকোর্টে এদিন ওই মামলার শুনানি শেষে, রায়দান স্থগিত রাখলেন বিচারপতি হীরন্ময় ভট্টাচাৰ্য।
বাগবাজারের কমিটির যে দ্বন্দ্ব আদালতে গড়িয়েছিল, সেই মামলার রায় আগামীকাল ১১ সেপ্টেম্বর ঘোষণা হওয়ার কথা। বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির সূত্রে খবর, আগামিকালের আদালতের রায়ের উপরই নির্ভর করছে পুজোর যাবতীয় পরিকল্পনা।
তবে কমিটির অন্তর্দ্বন্দ্ব থাকার কারণে, আদালত কয়েকজনের একটা কমিটি বা টিম গঠন করে দিয়েছে। মূলত তাদের তত্ত্বাবধানে এই পুজো পরিচালিত হবে বলেই কমিটি সূত্রে খবর।
উল্লেখ্য, দ্বন্দের পর, রবিবার বাগবাজারের কমিটি নিয়ে ভোটাভুটি হয়। সাধারণ সম্পাদক এবং ৪ জন সদস্য নিয়ে নির্বাচিত হয়। আদালত ঠিক করে দিয়েছিল দু'জন পর্যবেক্ষক। তাঁদের নজরদারিতেই ভোট হয়। ৭৭জনের মধ্যে ওই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন ৬৬জন। দু'জনেই সমান সংখ্যক ভোট পান। অন্যদিকে সূত্রের খবর, আদালতের রায়ের পর, ১১ সদস্যের কমিটি তৈরি হবে। প্যান্ডেলও তৈরি হবে নির্দিষ্ট জায়গায়।
বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য শংকর শূর আজকাল ডট ইন-কে জানান, আদালতের রায়ের পরেই বাকি সিদ্ধান্ত গৃহীত হবে। ওই আইনি জট না কাটার আগে, কোনও সমাধান সূত্র বেরোবে না পুজো নিয়ে।