আজকাল ওয়েবডেস্ক: নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার বার্তা দিয়েছে রাজ্য সরকার। সেই মতো কাজ শুরু হতেই স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে বড়সড় সাফল্য এল। ‘নেশামুক্ত পশ্চিমবঙ্গ অভিযান’-এর আওতায় টানা ১২ দিন ধরে একাধিক পরিকল্পিত অভিযান চালিয়েছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আওতায় থাকা অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স।
ইতিমধ্যেই, ১৩ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং দু’জন মহিলা। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, অভিযানে বিপুল পরিমাণ হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৮.৫৩ কোটি টাকা। জানা গিয়েছে, অভিযানে মোট ৩.৭১৯ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৭.৪৩ কোটি টাকা।
পাশাপাশি উদ্ধার হয়েছে ১৮,৬২০টি ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য ১.০৮ কোটি টাকা। পরপর একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনাকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে রাজ্য পুলিশের এসটিএফ বিভাগ।
নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে মাদক পাচার ও সরবরাহ চক্রের বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে বলেই মনে করা হচ্ছে।
রাজ্য পুলিশের উচ্চপদস্থ এক আধিকারিকের মন্তব্য, ‘কোনরকম মাদক পাচারকারীদের রেয়াত করা হবে না। এর জন্য যা যা করা দরকার সবরকম ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অফিসাররা দিন-রাত কাজ করছেন এবং কড়া নজর রেখেছেন। সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে তাকে আটক করা হবে, প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। একজনকেও ছাড়া হবে না।’