• বাংলার ১০০০ পুণ্যার্থীকে সোমনাথ পাঠাচ্ছে রাজ্য
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পুজোর আগে সোমনাথ মন্দির সম্পূর্ণ নিখরচায় সোমনাথ মন্দির দর্শণের সুযোগ এ রাজ্যের পুণ্যার্খীদের জন্য। যা নিঃসন্দেহে এক বিশেষ প্রাপ্তি! দীর্ঘদিনের ইচ্ছা থাকলেও দূরত্ব ও খরচের কারণে অনেকেরই সোমনাথ দর্শন হয়ে ওঠে না। সেই সুযোগই এবার করে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০০ জন ভক্তকে বেছে নিয়ে তাঁদের নিয়ে যাওয়া হবে গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরে। আগামী ১২ সেপ্টেম্বর কলকাতা থেকে তাঁদের ট্রেনে করে নিয়ে যাওয়া হবে বলেই প্রাথমিকভাবে প্রশাসনিক সূত্রের খবর।

    এই যাত্রায় পুণ্যার্থীদের জন্য থাকছে একাধিক সরকারি ব্যবস্থা। যাতায়াতের পাশাপাশি থাকা, খাওয়া এবং সোমনাথ মন্দির দর্শনের খরচও বহন করবে রাজ্য সরকার। ফলে কোনও আর্থিক বোঝা ছাড়াই পুণ্যার্থীরা অংশ নিতে পারবেন এই তীর্থযাত্রায়।

    রাজ্য সরকারের তরফে এই প্রথম সোমনাথ দর্শনের এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের বছরব্যাপী ‘সোমনাথ স্বাভিমান পর্ব’-এর অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে সোমনাথ মন্দিরকে ঘিরে যে বিশেষ কর্মসূচি চলছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে বাংলার পুণ্যার্থীদের এই যাত্রাও।

    ১২ সেপ্টেম্বর কলকাতা স্টেশন থেকেই শুরু হবে সেই বিশেষ যাত্রা। নির্বাচিত ভক্তদের নিয়ে বিশেষ ট্রেন রওনা দেবে গুজরাটের উদ্দেশে। তার আগে কলকাতা স্টেশনে থাকবে আনুষ্ঠানিক সূচনার আয়োজন। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই যাত্রার সূচনা করবেন।

    একসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, দীর্ঘ রেলযাত্রা, তারপর সোমনাথের দর্শন—এই সফর অনেকের কাছেই হয়ে উঠতে পারে স্মরণীয় এক অভিজ্ঞতা। পুজোর আবহের আগে রাজ্য সরকারের এই উদ্যোগে তাই তীর্থযাত্রার পাশাপাশি তৈরি হচ্ছে এক অন্যরকম ভ্রমণের আবহ।
  • Link to this news (আজকাল)