• আশির দশকের ছবির ট্রেন্ডে নতুন সংযোজন শঙ্কর ঘোষ
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এআই প্রযুক্তিকে ব্যবহার করে আশির দশকের ছবি তৈরি নিয়ে এখন মশগুল আট থেকে আশি। সেই তালিকায় এবার নতুন সংযোজন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।

    তাঁর সোশ্যাল মিডিয়া পেজে দেখা যাচ্ছে আশির দশকের আবহে তৈরি তাঁর দু’টি ছবি। পুরনো দিনের পোশাক, সাজসজ্জা এবং ছবির ধরন যেন ফিরিয়ে আনছে কয়েক দশক আগের স্মৃতি।

    তবে প্রশ্ন উঠছে, একজন মন্ত্রী কেন এআই প্রযুক্তির সাহায্যে নিজের আশির দশকের ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন? নিছক ট্রেন্ডের সঙ্গে তাল মেলানো, নাকি এর পিছনে রয়েছে নস্টালজিয়া?

    প্রশ্নের উত্তরে পর্যটনমন্ত্রী বলেন, 'আমার খুব কাছের মানুষজন আমার বেশ কিছু ছবি এআই দিয়ে তৈরি করে আমাকে পাঠিয়েছিলেন। তার মধ্যে দুটি পছন্দ হয়েছে। পোস্ট করেছি।'

    অর্থাৎ, নিজের উদ্যোগে শুধুমাত্র ট্রেন্ড অনুসরণ করে ছবি তৈরি করা নয়, ঘনিষ্ঠদের পাঠানো ছবির মধ্যেই পছন্দের দু’টি ছবি বেছে নিয়েছেন মন্ত্রী। তবে এআই নিয়ে তাঁর আগ্রহের পরিধি ব্যক্তিগত ছবি তৈরিতেই সীমাবদ্ধ নয়।

    পর্যটন দপ্তরের কাজেও প্রযুক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেই প্রসঙ্গও সামনে এনেছেন শঙ্কর ঘোষ। তাঁর কথায়, পর্যটন দপ্তরের নতুন লোগোর দিকে তাকালেই ফটোগ্রাফি, ভিডিয়োগ্রাফির সঙ্গে প্রযুক্তির ব্যবহারের বিষয়টি বোঝা যায়। অর্থাৎ পর্যটনকে মানুষের কাছে নতুনভাবে তুলে ধরতে ছবি ও ভিডিয়োর পাশাপাশি আধুনিক প্রযুক্তিকেও কাজে লাগানোর চেষ্টা হচ্ছে।

    ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পোস্টে আশির দশকের স্মৃতি ফিরিয়ে আনা থেকে শুরু করে পর্যটনের প্রচারে প্রযুক্তির ব্যবহার। এআই নিয়ে পর্যটনমন্ত্রীর ভাবনায় তাই ব্যক্তিগত নস্টালজিয়ার পাশাপাশি রয়েছে পেশাগত প্রয়োগের দিকও।
  • Link to this news (আজকাল)