• আর 'শারদোৎসব' লেখা যাবে না, নির্দেশ মুখ্যমন্ত্রীর
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আর বলা যাবে না 'শারদোৎসব'। এবার থেকে 'দুর্গাপুজো'ই বলতে হবে। দুর্গাপুজোর বদলে স্টলে 'শারদোৎসব' লেখা থাকলে, তা বাতিল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

    আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজোয় 'পুজো' না লিখে তথাকথিত বামপন্থীরা স্টল করলে, তা বাতিল করা হবে। 'শারদোৎসব' লিখলে বামপন্থীদের স্টল বাতিল করা হবে। পুজো উদ্যোক্তাদের আহ্বান মুখ্যমন্ত্রীর। 

    দুর্গাপুজোর প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে আসে এদিন। দুর্গাপুজোকে ‘সার্বজনীন উৎসব’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পুজোর আয়োজনে ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কোনও ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না।

    বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনৈতিক বিক্ষোভ, আইনশৃঙ্খলা এবং ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে একাধিক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কোনও পরিস্থিতিতেই ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নির্দিষ্ট কোনও সম্প্রদায় বা গোষ্ঠীকে লক্ষ্য করা উচিত নয়।

    বিক্ষোভ বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশই পালন করবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের হাতে লাঠি নিয়ে রাস্তায় নামার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন।

    বক্তব্যে অতীতের কয়েকটি আন্দোলন ও সংঘর্ষের প্রসঙ্গ তুলে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও হিংসা বা উত্তেজনা ছড়ানোর মতো পরিস্থিতি তৈরি করা উচিত নয়। শান্তির পক্ষে অবস্থান নেওয়ার কথাও বলেন তিনি।

    ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ‘টার্গেট’ করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, কেউ গেরুয়া পোশাক পরলে, মাথায় শিখা রাখলে বা ধর্মীয় মালা পরলে তাঁকে আলাদা করে নিশানা করা যাবে না। তাঁর বক্তব্য, মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা অন্য যে কোনও ধর্মের মানুষকে নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া উচিত।

    বক্তব্যের শেষাংশে দুর্গাপুজোর বিভিন্ন কমিটির উদ্দেশে তিনি জানান, পুজোর আয়োজন ও সরকারি সহায়তার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হবে। তবে বক্তব্যে উল্লিখিত বিভিন্ন অভিযোগের বিষয়ে নির্দিষ্ট ঘটনার নাম বা পৃথক সরকারি তদন্তের তথ্য দেওয়া হয়নি।
  • Link to this news (আজকাল)