নিউ মার্কেটের হোটেলে 'বন্দি' একাদশ শ্রেণির ছাত্রী!
আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: বিদেশে পড়াশোনা ও চাকরির প্রলোভন। স্কুল পড়ুয়াকে অপহরণের অভিযোগ। খাস কলকাতার হোটেল থেকে উদ্ধার একাদশ শ্রেণির তরুণী। ঘটনায় চাঞ্চল্য তুমুল।
সূত্রের খবর, একাধিক প্রলোভন দেখিয়ে একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হাওড়া গ্রামীণ জেলার জগৎবল্লভপুর থানা ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার সেলের তৎপরতায় কলকাতা নিউ মার্কেটের এক হোটেল থেকে উদ্ধার করা হয় ওই ছাত্রীকে।
পুলিশ সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর জগৎবল্লভপুরের শংকরহাটি এলাকার ওই ছাত্রী স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। বন্ধুদের থেকে টাকা ধার করে সে ধর্মতলায় পৌঁছায় এবং অপরাধীদের নির্দেশ মতো কলকাতার নিউ মার্কেটের একটি হোটেলে পৌঁছয়। এরপর অপরাধীরা তার ফোন হ্যাক করে নিয়ন্ত্রণ নেয় এবং পরিবারকে ফোন করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে, অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরিবারের অভিযোগের ভিত্তিতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও হাওড়া গ্রামীণ পুলিশের বিশেষ টিম ফোন ট্র্যাক করে হোটেলটি চিহ্নিত করে। গত রাতে অভিযানে একাই উদ্ধার হয় মেয়েটি। পুলিশ জানায়, এটি বিহার, উত্তর প্রদেশ বা হরিয়ানাভিত্তিক একটি আন্তরাজ্য সাইবার অপরাধচক্রের কাজ। উদ্ধার হওয়া নাবালিকাকে আজ জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে। ঘটনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পরিবার।