• সুরেন্দ্রনাথ ল কলেজে উত্তেজনা
    আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার সুরেন্দ্রনাথ ল কলেজে ফের উত্তেজনা ছড়াল। ৭৫ শতাংশ উপস্থিতির নিয়মের জেরে আসন্ন পরীক্ষায় বসতে না পারার আশঙ্কায় উপাধ্যক্ষকে (ভাইস প্রিন্সিপাল) ঘেরাও করে তীব্র বিক্ষোভ ও অবস্থান বিক্ষোভে সামিল হলেন পড়ুয়ারা।

    বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের অভিযোগ, তাদের পরীক্ষার সামনে কিন্তু কলেজ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ৭৫ শতাংশ হাজিরা না থাকলে কাউকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তবে পড়ুয়াদের দাবি, কলেজে পর্যাপ্ত এবং নিয়মিত ক্লাসই নেওয়া হয়নি। যেখানে একটি সেমিস্টারে ছ'মাসে মাত্র গুটিকয়েক ক্লাস হয়েছে, সেখানে ৭৫ শতাংশ হাজিরার হিসাব কীভাবে সম্ভব, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। পাশাপাশি হাজিরা খাতায় তোলা নিয়ে চূড়ান্ত অনিয়মের অভিযোগও তুলেছেন ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, কোনও  নির্দিষ্ট রেজিস্টার বা নিয়মের বালাই নেই; কখনও  চিরকুটে, কখনও  আবার হোয়াটসঅ্যাপে হাজিরা নেওয়া হতো। এমনকি ক্লাসের সময়সূচি নিয়েও শেষ মুহূর্তে নোটিশ আসায় চরম সমস্যায় পড়তে হতো দূরের পড়ুয়াদের।

    একই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সদস্যদের বিরুদ্ধে ক্যাম্পাসে ভয়ভীতি ও দাপট দেখানোর গুরুতর অভিযোগ এনেছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, কলেজের মিছিল বা দলীয় কর্মসূচিতে না গেলে পরীক্ষায় বসতে না দেওয়ার হুমকি দেওয়া হতো এবং শিক্ষকদের ঘরের ভেতর পর্যন্ত পড়ুয়াদের হেনস্থা করা হতো। সেই আতঙ্কের কারণে অনেকেই অতীতে কলেজে উপস্থিত হতে ভয় পেতেন বলে জানান তাঁরা।

    সমস্যা সমাধানের আশ্বাসের বদলে উপাধ্যক্ষ বারবার অবস্থান বদল করছেন অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতেও স্লোগান তোলেন পড়ুয়ারা। রাত পর্যন্ত কলেজ চত্বরে অবস্থান চালিয়ে যান তাঁরা। তাঁদের স্পষ্ট দাবি, এই অনিয়ম ও বিভ্রান্তির দায় কোনওভাবেই সাধারণ ছাত্রছাত্রীদের ওপর চাপানো যাবে না এবং অবিলম্বে সবাইকে পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে।
  • Link to this news (আজকাল)