• মুখ্যমন্ত্রীর কণ্ঠ নকল করে কোটি কোটি টাকা প্রতারণা, অসমে গ্রেপ্তার আধিকারিক
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: ফোনের ওপারে মুখ্যমন্ত্রীর কণ্ঠ! কখনও আবার মুখ্যসচিব বা সরকারের অন্য কোনো শীর্ষ আধিকারিক! বাস্তবে তাঁরা কেউই নন। মিমিক্রি শিল্পীদের দিয়ে তাঁদের কণ্ঠস্বর নকল করে সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার প্রতারণা। এমনই অভিযোগে দেবেশ্বর বরা নামে অসমের  এক পদস্থ আধিকারিককে গ্রেপ্তার করল মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিল্যান্স সেল।

    তদন্তকারীদের দাবি, ব্যবসায়ীদের সামনে ফোনে কথা বলার সময় অভিযুক্ত  দাবি করতেন, অপর প্রান্তে রয়েছেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব বা অন্য কোনও শীর্ষ সরকারি আধিকারিক। এরপর মিমিক্রি শিল্পীরা কণ্ঠ নকল করে ফোনে কথা বলতেন। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। ভিজিল্যান্স সেলের আধিকারিক রোজি কলিতা জানিয়েছেন, সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। পরে দেবেশ্বর আরও ৪০ লক্ষ টাকা দাবি করলে ওই ব্যবসায়ীর সন্দেহ হয়। তিনি টাকা দিতে অস্বীকার করেন। সেইসঙ্গে আগের ১০ লক্ষ টাকা ফেরত চান। গত ৩০ মে ওই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেন। ব্যাংক আকাউন্টের সূত্র ধরে তদন্তে নামে সেল। জানা যায়, যে অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল, তা অরুণাচল প্রদেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এরপর কেকে এন্টারপ্রাইজ ও ডিবি এন্টারপ্রাইজ নামের দুই সংস্থাও অভিযোগ করে, সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তদন্তে প্রায় ১৮টি সিম কার্ড উদ্ধার করেছে সেল। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া ৯টি সিমের মধ্যে মাত্র একটি তাঁর নিজের নামে। এক্ষেত্রে  মুখ্যমন্ত্রীর পরিচয় ব্যবহার করে প্রতারণার বিষয়টিকেও অত্যন্ত গুরুতর বলে মনে করছে সেল। তদন্তকারীদের দাবি, এখনও পর্যন্ত যে অঙ্কের হদিশ মিলেছে, তা কয়েক কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। অসমের ধেমাজি থেকে দেবেশ্বরকে গ্রেপ্তার করা হয়। 
  • Link to this news (বর্তমান)