ব্রিকস সম্মেলনের আগে রাশিয়ার সঙ্গে বড় বিমান চুক্তির পথে ভারত
বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৬
নয়াদিল্লি, ১১ সেপ্টম্বর: অসামরিক বিমান চলাচল ক্ষেত্রে ভারত-রাশিয়া সহযোগিতা আরও জোরদার হতে চলেছে। ব্রিকস সম্মেলনের আগে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিমান সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে রাশিয়ার তৈরি ১০৫টি আঞ্চলিক যাত্রীবাহী বিমান কেনার প্রস্তাব।
রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন এর তৈরি আইএল-১১৪-৩০০ বিমানকে ঘিরেই মূলত এই আলোচনা। ইউএসি-র সিইও ভাদিম বাদেখা জানিয়েছেন, গত ছয় মাস ধরে ভারতীয় সংস্থাগুলির সঙ্গে আলোচনা চালানোর পর বেশ কিছু প্রস্তাবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নয়াদিল্লিতে আয়োজিত ‘ইনোপ্রম ইন্ডিয়া’ প্রদর্শনীর সময় কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী পিনাকল এয়ার ৫০টি, এয়ার কেরল সর্বাধিক ২০টি এবং স্লিক এভিয়েশন ৩৫টি আইএল-১১৪-৩০০ বিমান নেওয়ার পরিকল্পনা করছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে হায়দরাবাদে ‘উইংস ইন্ডিয়া’ প্রদর্শনীর সময় ফ্ল্যামিঙ্গো অ্যারোস্পেসের সঙ্গে ছয়টি আইএল-১১৪-৩০০ সরবরাহের বিষয়ে চুক্তি করেছিল ইউএসি।
শুধু বিমান বিক্রিই নয়, ভারতে বিমান উৎপাদনের ক্ষেত্রেও নজর রয়েছে রাশিয়ার। ইউএসি জানিয়েছে, রাশিয়ার এসজে-১০০ আঞ্চলিক জেট বিমান ভারতে স্থানীয়ভাবে উৎপাদনের বিষয়ে আলোচনা প্রায় ৮০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। শীঘ্রই এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে। চলতি বছরের শুরুতেই ইউএসি এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতে এসজে-১০০ যৌথ লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছিল। বিশেষজ্ঞদের মতে, এতদিন প্রতিরক্ষা সহযোগিতার জন্য পরিচিত ভারত-রাশিয়া সম্পর্ক এবার বেসামরিক বিমান পরিবহণ ও বিমান নির্মাণ শিল্পেও নতুন মাত্রা পেতে পারে। আঞ্চলিক বিমান পরিষেবা সম্প্রসারণের পাশাপাশি ভারতে বিমান তৈরির সম্ভাবনা দুই দেশের শিল্প সহযোগিতাকে আরও গভীর করতে পারে।