আগামী চারমাসের মধ্যেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন প্রস্তুতি শুরু
বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদদাতা, মালদহ: বহু প্রতীক্ষার পরে শেষ পর্যন্ত সমাবর্তন নিয়ে আশার আলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। আগামী মাস চারেকের মধ্যে সমাবর্তন সেরে ফেলার লক্ষ্যে প্রাথমিক উদ্যোগ নেওয়া শুরু হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সমাবর্তন নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। প্রায় ১০ বছর পরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন বিধানসভায় শাসকদলের মুখ্য সচেতক তথা ইংলিশবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়িও। এবার যেন সমাবর্তন কোনোভাবেই থমকে না যায় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মুখ্য সচেতক।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শেষ সমাবর্তন হয় ২০১৭ সালে। প্রায় এক দশক সমাবর্তন না হওয়ায় স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা এমনকি গবেষণা সফলভাবে শেষ করেও পদক ও শংসাপত্র থেকে বঞ্চিত রয়েছেন প্রায় তিন লক্ষেরও বেশি পড়ুয়া। চরম সমস্যার মধ্যে পড়ছেন তাঁরা।
ভুগতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও। শংসাপত্র নেওয়ার জন্য প্রায়ই বিশ্ববিদ্যালয় চত্বরে লম্বা লাইন পড়ে স্নাতক ও স্নাতকোত্তরে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের। এমনকি আইন শৃঙ্খলার সমস্যাও তৈরি হয়েছে। অম্লান বলেন, এক দশক ধরে সমাবর্তন না করতে পারার দায় বিগত রাজ্য সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্দরের কিছু সমস্যা। এর ফলে হেনস্তার শিকার হয়েছে মালদহ সহ প্রতিবেশী জেলাগুলির মেধাবী পড়ুয়ারা। রাজ্যে এখন বিজেপি সরকার। আমরা এই অচলাবস্থার অবসান চাই। রাজ্য সরকার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন যত দ্রুত সম্ভব সফলভাবে করতে চায়। আমি স্থানীয় বিধায়ক এবং মুখ্য সচেতক হিসাবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করেছি।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশিস ভট্টাচার্য বলেন, সমাবর্তন যেন দ্রুত হয় সেই বিষয়ে আমাদের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল। আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে দু’টি বৈঠক করে ফেলেছি। আরও একটি বৈঠক তাড়াতাড়ি হবে। সামনে পুজোর ছুটি। তারপরে পরীক্ষা রয়েছে। তারমধ্যে আমরা সমাবর্তনের প্রস্তুতি চালিয়ে যাব।
উপাচার্য বলেন, সব ঠিক থাকলে জানুয়ারি মাসের ১৫ থেকে ২২ তারিখের মধ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। ফাইল চিত্র