• এনসিপিআই নিয়ে কোনো তথ্য দিচ্ছে না কমিশন, সরব তৃণমূল
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-র গতিবিধি সম্পর্কে কেন কোনো উত্তর দিচ্ছে না নির্বাচন কমিশন? কেনই বা চুপ লোকসভার স্পিকার ওম বিড়লা? বৃহস্পতিবার এই  প্রশ্নে সরব হল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র তথা তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, সম্প্রতি রিপোর্টে প্রকাশ হয়েছে, দেশে একগুচ্ছ অনামী রাজনৈতিক দলের ভাঁড়ারে কোটি কোটি টাকা জমা পড়েছে। নির্বাচন কমিশনের খাতায় যে দলগুলি রেজিস্টার্ড। কিন্তু আনরেকগনাইজড। এনসিপিআই’ও তাই।

    সেই কারণেই ওই দলের গতিবিধি সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে কিছু তথ্য চেয়ে তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) আবেদন করা হয়েছিল। সাকেত বলেন, ৮৪ দিন পরেও কোনো জবাব দেয়নি নির্বাচন কমিশন। লোকসভার স্পিকারের থেকেও কোনো জবাব পাইনি। ২০ তৃণমূল সাংসদ কি সত্যিই এনসিপিআই নামে কোনো দলে যোগ দিয়েছে কি না, তা নিয়ে কেন চুপ কমিশন এবং স্পিকার? কী লুকনো হচ্ছে? প্রশ্ন তোলেন সাকেত। বলেন, পশ্চিমবঙ্গে এই অনামী দলের নামে অফিস রেজিস্টার হলেও রাজ্যে কোনো নির্বাচনে লড়েনি। এর চেয়ে রহস্যজনক অদ্ভূত বিষয় আর কী আছে! আর সেই দলেই এখন শামিল হয়েছেন তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হওয়া ২০ জন। কেন? কীসের লেনদেন হয়েছে? ওই দলটির কাজকর্মই বা কী? দলের নেতাই বা কে? দলের সংবিধান কী? তারা কি নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে বার্ষিক খরচের হিসেব দিয়েছে? না দিলে কেন খোঁজ নেয়নি কমিশন? 

    অন্যদিকে, আগামী কাল শনিবার তৃণমূলের প্রতীক বিতর্ক নিয়ে নির্বাচন কমিশন দিল্লিতে ডেকে পাঠানোয় দলের পাঁচ সদস্যকে পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে আসছেন না। দলের হয়ে সওয়াল করবেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে এবং অইনজীবী অভিনব সিং।
  • Link to this news (বর্তমান)