• দিনভর শুনানির পরও সমাধান অধরা, আজ শ্রীরামপুরে হচ্ছে না মমতার সভা
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও চুঁচুড়া: হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার দিনভর টানাপোড়েনের পরও কোনো সমাধান হল না। যার জেরে আজ শুক্রবার সভা স্থগিত করে দেওয়া হয়েছে। 

    কর্মসূচির অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। এদিন সকালে বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে মামলার শুনানি হয়। একাধিক শর্তে কর্মসূচির অনুমতি দেয় সিঙ্গল বেঞ্চ। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ওই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু প্রধান বিচারপতি আর ভি ঘুগের ডিভিশন বেঞ্চে শুনানির পরও বিষয়টি কোনো ফয়সালা হয়নি। আজ শুক্রবার ফের মামলার শুনানি। যার জেরে কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তথা কর্মসূচির উদ্যোক্তা অসিত মজুমদার। 

    এদিন প্রথমে সিঙ্গল বেঞ্চ সভার অনুমতি দিয়ে জানায়, মাহেশ জগন্নাথদেবের স্নানপিঁড়ি মাঠে সভা করা যাবে। দুপুর ১টা থেকে ৩টের পর্যন্ত কর্মসূচি সম্পন্ন করতে হবে। তৃণমূলের সভায় ২ হাজারের বেশি জমায়েত করা চলবে না। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এমন কোনো বক্তব্য রাখা যাবে না বলেও নির্দেশে উল্লেখ করে সিঙ্গল বেঞ্চ। নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। এরপরই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানিতে স্নানপিঁড়ি মাঠের মালিক পক্ষ তথা মন্দির কমিটি জানায়, এই জায়গা মন্দির কমিটির। এখানে রাজনৈতিক সভা করতে দেওয়া হয় না। যার প্রেক্ষিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী উদ্যেক্তোদের কাছে জানতে চান, ‘দিল্লি রোডে হলে অসুবিধা কোথায়?’

    অসিত মজুমদারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দিল্লি রোড শ্রীরামপুরের বাইরে।’ এরপর প্রধান বিচারপতি বলেন, ‘এমন জায়গায় করুন, যাতে বার্তা যাক, কিন্তু কোনো সমস্যা না-হয়।’ 

    পরে ডিভিশন বেঞ্চে রাজ্য জানায়, রবিবার শ্রীরামপুর আদালতের মাঠে সভার অনুমতি দিতে পারে তারা। ৫০০ সমর্থক থাকতে পারবে সেখানে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে আপত্তি জানান। তিনি বলেন, ‘স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি থেকে বের হতে দেব না। মনে হচ্ছে যেন, আমাদের কেউ দয়া করছে! আদালত চত্বরে সম্ভব নয়।’ 

    আজ দুপুর সাড়ে ১২টায় ফের এই মামলার শুনানি। সভার বিকল্প স্থান নিয়ে অবস্থান জানাবে রাজ্য। কেন শ্রীরামপুরে হচ্ছে, তৃণমূল কর্মীদের পুলিশি হেনস্তা করার অভিযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে অতিরিক্ত হলফনামায় নিজেদের বক্তব্য জানাতে পারবেন মামলাকারী প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)