• নিম্নচাপের জের, আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার সকালে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই জেলাগুলির মধ্যে রয়েছে—দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। সাধারণভাবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। তবে এই নিম্নচাপটির প্রভাবে প্রথম দিকে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে ওড়িশায়। তারপর বৃষ্টি বাড়বে মধ্য ও উত্তর ভারতে। নিম্নচাপের প্রভাবে কিছুটা বৃষ্টি হবে উপকূলীয় অন্ধ্রে। ওই এলাকায় এবার বর্ষাকালীন বৃষ্টির প্রচুর ঘাটতি আছে।

    এই নিম্নচাপটির প্রভাব আগামী কয়েকদিন দেশের একটি বড়ো অংশ জুড়ে থাকবে। আশা করছেন আবহাওয়াবিদরা। 

    কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন ধরে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য ভারতের উপর দিয়ে এগোবে। এটি গুজরাত উপকূল হয়ে আরব সাগরে প্রবেশ করবে এবং তারপর ফের স্থলভূমিতে ঢুকে উত্তর-পশ্চিম ভারতের উপর থাকবে। এই নিম্নচাপটির প্রভাব কাটতে না কাটতেই আগামী ২০ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দমান সাগর ও লাগোয়া থাইল্যান্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরে নিম্নচাপে পরিণত হবে সেটাই। ওই নিম্নচাপটির অভিমুখ উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূলের দিকে থাকবে।

    এবার বর্ষাকালে জুলাই মাস থেকে পরপর যে নিম্নচাপগুলি তৈরি হয়েছে, সেগুলির বেশিরভাগই উত্তর বঙ্গোপসাগরে। এই কারণে দেশের অনেক জায়গায় বৃষ্টির প্রচুর ঘাটতি থাকলেও দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া ও কাছাকাছি এলাকায় এবং ওড়িশায় পরিমাণে স্বাভাবিকের চেয়ে বেশিই বৃষ্টি হয়েছে। পরবর্তীকালে নিম্নচাপগুলির প্রভাবে বৃষ্টি বেড়েছে—ঝাড়খণ্ড, মধ্য ভারত ও উত্তর ভারতের একটি বড়ো অংশে। নিম্নচাপের এমন গতিপ্রকৃতির কারণে বঙ্গোপসাগর লাগোয়া উপকূলীয় অন্ধ্র এবং রায়লসীমা ও তেলেঙ্গানায় বৃষ্টির প্রচুর ঘাটতি হয়েছে। অবশেষে সেপ্টেম্বরে নিম্নচাপগুলির গতিপ্রকৃতি কিছুটা পরিবর্তন হয়েছে। বর্ষার বিদায়লগ্নে ওইসব এলাকায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে। অনুমান আবহাওয়াবিদদের।

    এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি ৭০ মিমি বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সালারে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং মুর্শিদাবাদের কান্দিতে যথাক্রমে ৬৩ এবং ৫৫ মিমি বৃষ্টি হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকায় আকাশ মেঘলা থাকলেও সন্ধ্যা পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি।
  • Link to this news (বর্তমান)