• মদের পর বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত দুই
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: তিন বন্ধু মিলে মদ্যপান। একইসঙ্গে জলের বোতলে থাকা অজানা তরল পান করেন তাঁরা। তাতেই অঘটন। বিষক্রিয়ায় দু’জনের মৃত্যু হয়। অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন আরো একজন। জয়নগরের বহড়ু এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বুবাই হালদার ও সাকাত শেখ। অসুস্থ যুবকের নাম নাসির শেখ। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। আচমকা বিষাক্ত তরল পানে মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই বোতলে কীধরনের তরল ছিল তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। দু’টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ, সেই প্রক্রিয়া হবে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ওই তিন ব্যক্তি বহড়ুর একটি লাইসেন্সপ্রাপ্ত বিদেশি মদের দোকান থেকে মদের বোতল কেনেন। সেখান থেকে কাছের একটি পোলট্রি ফার্মে বসে সেই মদ সেবন করেন তিনজন মিলে। এরপরেই সেই পোলট্রি ফার্মে থাকা একটি প্লাস্টিকের বোতল থেকে কিছুটা ঘন সাদা রঙের একটি তরল পান করেন। এরপরেই তিনজন অসুস্থ হয়ে পড়েন। তিনজনের মুখ থেকেই গ্যাঁজলা বের হতে থাকে। স্থানীয়রাই তাঁদের জয়নগরের পদ্মেরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানেই বুবাই হালদারকে (৩১) মৃত বলে ঘোষণা করা হয়। সাকাত শেখ ও নাসির শেখকে জনকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রসঙ্গত, তাঁরা দু’জনই সম্পর্কে ভাই। সেখানেই সাকাতের মৃত্যু হয়। অন্যজন এখনও চিকিৎসাধীন। মৃতদের পরিবারের দাবি, পদ্মেরহাট হাসপাতালে সঠিক চিকিৎসা হয়নি। চিকিৎসা হলে তাঁদের মৃত্যু হত না। কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল ওই তরলে। তার জেরেই মৃত্যু হয়েছে। গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখুক। পুলিশ জানিয়েছে, মদ সেবনের জেরেই যে দু’জনের মৃত্যু হয়েছে, এমন কোনো তথ্য মেলেনি। যে অজ্ঞাত তরল খেয়েছিলেন সেটি কী ধরনের তা জানতে ফরেন্সিক পরীক্ষার প্রয়োজন রয়েছে। ওই বোতলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তার রিপোর্ট এলে তবেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনো বিষক্রিয়ার জেরেই যুবকদের মৃত্যু হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)