'রাখে তারা মা মারে কে...?' বড়পর্দায় 'সাধক বামাক্ষ্যাপা' হয়ে হুংকার সব্যসাচীর, সে যুগের কোন অজানা কাহিনি ধরা পড়বে ছবিতে
আজকাল | ১১ সেপ্টেম্বর ২০২৬
ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় 'বামাক্ষ্যাপা' রূপে ধরা দিতে চলেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ছোটপর্দায় এই চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছিলেন সব্যসাচী। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই 'সাধক বামাক্ষ্যাপা' হয়ে ফিরছেন তিনি। ছবির পরিচালনায় সায়ন্তন ঘোষাল। আগেই জানা গিয়েছিল এবার সম্পূর্ণ ভিন্ন ঘরানার ছবির পরিচালনায় দেখা যাবে সায়ন্তনকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'সাধক বামাক্ষ্যাপা'র টিজার। বামাক্ষ্যাপার জন্য থেকে শুরু করে কালি সাধনা, দেবী তারার সঙ্গে আধ্যাত্মিক টান, সবটাই দেখা যাবে এই ছবিতে।
সেই যুগে বামাক্ষ্যাপার সত্য আর ভ্রমের বিরুদ্ধে লড়াইও ফুটে উঠবে পর্দায়। টিজারে 'বামাক্ষ্যাপা'র চরিত্রে সব্যসাচী যেন আরও দৃঢ়। পায়েল দেকে দেখা যাবে দেবী তারার চরিত্রে। পুরো টিজার যেন গায়ে কাঁটা দিয়ে উঠেছে দর্শকের। চলতি বছর কালীপুজোয়, অর্থাৎ ৮ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
প্রসঙ্গত, এর আগে একাধিক সাক্ষাত্কারে সব্যসাচী বলেছেন, যখনই তিনি সাধক বামাক্ষ্যাপার লাল বসন পরেন, তখনই যেন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করেন। ২০২২ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার সময় সেই লাল বসন ও ত্রিশূল সঙ্গে করে নিয়ে এসেছিলেন সব্যসাচী। এবার সেই বসনেই ফিরছেন অভিনেতা। 'বামাক্ষ্যাপা'র পর 'রামপ্রসাদ'-এর চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবুও 'বামাক্ষ্যাপা' রূপেই ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এবার পর্দায় তাঁকে আরও একবার এই চরিত্রে দেখতে উত্তেজিত দর্শক মহল।