স্থানীয় বাসিন্দাদের তৈরি ডাইভারশন ভেঙে ফের ব্যাহত হলো শিলিগুড়ি-মিরিক বাস ও পণ্যবাহী গাড়ি চলাচল। বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টিপাত হয় মিরিকে। তার জেরেই ডাইভারশনটি ফের ভেঙে যায়। ২০২৫ সালে শিলিগুড়ি মিরিক বালাসন নদীর উপরে তৈরি সেতু ভেঙে গেলে তৎকালীন রাজ্য সরকার হিউম পাইপ বসিয়ে ডাইভারশনটি তৈরি করে।
এ বছর মে মাস নাগাদ সেটি জলের তোড়ে উড়ে যায়। তখন সেনাদের সাহায্য নিয়ে নতুন একটি বেইলি ব্রিজ তৈরি করা হয়। তবে এই বেইলি ব্রিজ দিয়ে কেবল হালকা যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। যাত্রিবাহী বাস এবং পণ্যবাহী গাড়ি ঘুম-সুখিয়াপোখরি হয়ে যাতায়াত করত। তবে, স্থানীয়রা এই ব্যবস্থায় সন্তুষ্ট হননি। তাঁরা নিজেরাই ভাঙা ডাইভারশনটি মেরামত করেন। যাত্রিবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক এই ডাইভারশন দিয়ে যাতায়াত শুরু করে।
বৃহস্পতিবার রাতে ডাইভারশনের ওই মেরামত করা অংশটিই ভেঙে যায়। বেইলি ব্রিজ অটুট থাকায় শিলিগুড়ি-মিরিক যোগাযোগ বন্ধ না হলেও বাস ও পণ্যবাহী ট্রাকগুলিকে ফের ঘুম-সুখিয়াপোখরি হয়ে যাতায়াত করতে হবে। স্থানীয়রা অবশ্য জানিয়েছেন, বালাসনের স্রোতের তীব্রতা কমলে ফের তাঁরা ডাইভারশনের ভাঙা অংশ মেরামত করবেন। অন্য দিকে, পূর্ত দপ্তর বালাসন নদীতে একটি স্থায়ী সেতু নির্মাণ করছে। আগামী বছর সেটি চালু হবে। স্থায়ী সেতু নির্মাণ শেষ হলে সেনাদের তৈরি বেইলি ব্রিজের প্রয়োজনীয়তা যেমন ফুরোবে তেমনই ডাইভারশনটিও অপ্রয়োজনীয় হয়ে পড়বে।
রিপোর্টিং: সঞ্জয় চক্রবর্তী