• বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, প্রচুর বোমা মজুত ছিল বলে অভিযোগ
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে রাতে ভয়াবহ বিস্ফোরণ। অভিযোগ, দ্বিজেন মণ্ডল নামে ওই তৃণমূল নেতার বাড়িতে প্রচুর বোমা মজুত রাখা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    বারুইপুর পূর্বের উত্তরভাগ লাল পোলের কাছে দ্বিজেনের দোতলা বাড়িতে বিস্ফোরণ হয় বৃহস্পতিবার রাতে। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় ঘরের জানলা-দরজা। তীব্রতা এতটাই ছিল যে, দ্বিজেনের বাড়ির শাটার, টিন উড়ে গিয়ে পড়ে পাশের বাড়িতে। যদিও হতাহতের খবর নেই। তবে আশপাশের কিছু বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা। রাজ্যে পালাবদলের পর থেকেই তাঁকে এলাকায় দেখা যায়নি।

    প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বলেন, ‘গতকাল রাতে বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে, সিলিন্ডার ফেটে হয়েছে। গতকাল রাতেই দমকল এসেছিল। ফরেন্সিকের লোকও আসবেন। তাঁরাও খতিয়ে দেখবেন।’ স্থানীয় লোকজন এবং এলাকার বিজেপির নেতাদের দাবি, দ্বিজেনের বাড়িতে প্রচুর বোমা মজুত ছিল। যদিও পুলিশকর্তা জানান, বাড়ি থেকে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)