বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোপুজো আসছে। তার ঠিক আগেই সিপিআইএম-এর বইয়ের স্টল নিয়ে বিতর্ক একবারে চরমে উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো কমিটিগুলোকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এবার যদি কোনও কমিউনিস্ট দল বুক স্টলে শারদোৎসব লেখে, তাহলে তাদের যেন স্টল দিতে না দেওয়া হয়। শুধুমাত্র দুর্গাপুজো লিখলেই স্টল দিতে দেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি।
আর মুখ্যমন্ত্রীর এই হুঙ্কারের পরই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এখন প্রশ্ন, এবার কি তাহলে পুজোর সময় স্টল পাবে না সিপিআইএম? স্টল দেওয়ার জন্য কি তারা শারদোৎসবের বদলে দুর্গাপুজো লিখবে? আর এই সব প্রশ্নের উত্তর জানতে আমরা যোগাযোগ করেছিলাম সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে। আর আমাদের প্রশ্ন শুনেই তিনি বর্তমান সরকারের 'বুদ্ধি' নিয়ে প্রশ্ন তুলে দিলেন।
তিনি বলেন, 'যত দিন যাচ্ছে, তত এই সরকারের মূর্খতার পরিধিটাও ব্যাপ্তি লাভ করছে। শারদোৎসব কথাটা হচ্ছে শরৎকালীন যে সমস্ত উৎসব হয় সেগুলি। তার মধ্যে দুর্গাপূজাও একটা। এটা তো রবীন্দ্রনাথের কথা। তা এখন এদের তো নিজস্ব কোনও বোধবুদ্ধি নেই। ওদের নাগপুর থেকে যা বলে এরা সে কথাই বলেন।'
বিকাশের প্রশ্ন, 'চিরকালই লেখা হয় শারদীয়া দুর্গাপূজা। শারদোৎসবের সঙ্গে দুর্গাপুজোর সংঘর্ষ কোথায়?'
এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি নিজের ছোটবেলার কথাও তুলে ধরেন। বিকাশ বলেন, 'আমরা ছেলেবেলা থেকে তাই জেনে এসছি। যখন আমরা ছোট, ছেলেবেলায় আমরা যখন সরাসরি পুজোর সঙ্গে যুক্ত থাকতাম, তখন শারদীয়া দুর্গাপুজো বলেই বিল কেটে চাঁদা তুলতে বেরোতাম।'
এরপরই সরকারকে আক্রমণ করেন বিকাশ। তাঁর মতে, এই যারা উলঙ্গ নাগা সন্ন্যাসী নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল করে, তাদের বোধবুদ্ধিও নাগা সন্ন্যাসীর মতো উলঙ্গই। এর বাইরে কিছু না। সেইজন্য এসব করছেন।
তাঁর স্পষ্ট কথা, 'আমরা বুকস্টল করছি, করব। শারদোৎসব বলেই আমরা বুকস্টল করব।'
সরকার স্টল করতে বাধা দিলে কী হবে?
বিকাশ বলেন, 'সরকারের কোনও অধিকার নেই। সরকার যদি কোনও বিধি নিষেধ আরোপ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত যা কঠোর ব্যবস্থা নেওয়া যায়, তাই নেওয়া হবে।'
অর্থাৎ সরকারের প্রতিরোধের সামনে যে সিপিআইএম চুপ করে বসে থাকবে না, সেটা একবারে পরিষ্কার। বরং আইনের পথ ধরেই লড়াইয়ের বার্তা দিলেন বিকাশ।
কী বলেছিলেন মুখ্যমন্ত্রী?
বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'যে সমস্ত তথাকথিত কমিউনিস্টরা পুজো প্রাঙ্গণে বইয়ের স্টল দিতে আসবেন, তারা যদি শারদোৎসব-এর জায়গায় স্পষ্টভাবে দুর্গাপুজো না লেখেন, তবে তাঁদের একটিও স্টল করতে দেওয়া যাবে না।'