• শেষে ট্রান্সফর্মার উদ্বোধন রাহুল গান্ধীর! প্রচারের বহর দেখে নেটিজেনদের খোঁচা, ‘যেন দেশোদ্ধার করলেন’
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • সবুজ পতাকা হাতে হাঁটছেন রাহুল গান্ধী। সঙ্গে দলবল। নেপথ্যে রোমহর্ষক আবহ সঙ্গীত। ভিডিও দেখে একঝলকে মনে হবে, হয়তো হাজার হাজার কোটি টাকার কোনও মেগা প্রজেক্টের উদ্বোধন করতে চলেছেন রাহুল (Rahul Gandhi)। শেষমেশ দেখা গেল, সামান্য একটা ট্রান্সফর্মার উদ্বোধন করছেন বিরোধী দলনেতা। ওই ভিডিও দেখে রাহুলকে কটাক্ষের বাণে বিদ্ধ করছেন নেটিজেনদের একাংশ।

    তিনি লোকসভার বিরোধী দলনেতা। কংগ্রেসের সবচেয়ে বড় মুখ। তবে একই সঙ্গে রায়বরেলির সাংসদ। নিজের সংসদীয় এলাকার প্রতি দায়বদ্ধতা রয়েছে তাঁর। সেই দায়বদ্ধতা পূরণ করতে গিয়ে ফের কটাক্ষের মুখে রাহুল গান্ধী। আসলে সদ্য দু’দিনের রায়বরেলি সফরে গিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে বহু কর্মসূচির মধ্যে নিজের সাংসদ তহবিল থেকে ৩ কোটি টাকা ব্যয়ে কিনে দেওয়া বেশ কিছু সামগ্রীর উদ্বোধনও করেন রাহুল। যে সামগ্রীগুলির উদ্বোধন তিনি করেছেন, সেগুলির মধ্যে একটি অ্যাম্বুল্যান্স এবং একটি ট্রান্সফর্মারও ছিল।

    সাংসদ হিসাবে রাহুল নিজের এলাকায় ট্রান্সফর্মার উদ্বোধন করছেন, সেটা অস্বাভাবিক কিছু নয়। এমনকী, সাংসদ তহবিলের টাকা খরচ করে এলাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে দেওয়াটা দোষেরও নয়। সমস্যাটা হল, রাহুলের বিরাট পিআর টিম সেই ট্রান্সফর্মার উদ্বোধনের ভিডিও এমনভাবে প্রচার করল যা দেখে মনে হতে পারে, রাহুল যেন বিরাট কোনও প্রকল্পের সূচনা করছেন। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট হতেই রসিকতা শুরু হয়ে যায়। কটাক্ষ ছুঁড়ে আসে বিরোধী নেটিজেনদের থেকে। কারও বক্তব্য, “প্রচারের ধরন দেখলে মনে হবে যেন হাজার হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন।’ কেউ বলছেন, “ভিডিও দেখে মনে হচ্ছে যেন দেশোদ্ধার করে ফেলেছেন।”

    সাংসদ হিসাবে রাহুলের অতীত রেকর্ড বিরাট প্রশংসাজনক নয়। বিশেষ করে আমেঠির সাংসদ থাকাকালীন একাধিকবার তিনি নিজের সাংসদ তহবিলের টাকাটাও খরচ করতে পারেননি। পরে ওয়ানড়ের সাংসদ হিসাবে অবশ্য সেই সমস্যা হয়নি। এবার রায়বরেলির সাংসদ হিসাবে তিনি নিজের সাংসদ তহবিলের টাকা খরচ করার চেষ্টা করছেন। কিন্তু তাতেও কটাক্ষের মুখে পড়তে হচ্ছে রাহুলকে।
  • Link to this news (প্রতিদিন)