• রাতভর টানা বৃষ্টিতে ফের ভাসল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে ফের বিচ্ছিন্ন মিরিক!
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • রাতভর টানা বৃষ্টিতে ফের কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Rain)। ফুঁসছে বালাসন নদী। ফলে কয়েকমাসের ব্যবধানে ফের ভাসল দুধিয়ার হিউমপাইপের সেতু। ফলে সড়কপথে আংশিকভাবে বিচ্ছিন্ন মিরিক। আপাতত বেইলি ব্রিজ ধরে ছোটো গাড়ি চলাচল করলেও বড় গাড়ি পুরোপুরি বন্ধ। এদিকে ধসের আশঙ্কা থাকছেই। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। 

    গত জুলাইয়ে টানা বৃষ্টি ও মহানন্দার ফুলবাড়ি ব্যারেজের গেট খুলে দেওয়ায় জলস্তর বাড়ে বালাসনে। আশঙ্কা সত্যি করে ভেসে যায় অস্থায়ী দুধিয়া সেতু। শিলিগুড়ি থেকে মিরিক, যোগাযোগ বন্ধ হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল সেতু মেরামতির কাজ। পাশাপাশি দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে সেনারা তৈরি করে বেইলি ব্রিজ। দেড় মাসের মাথায় ফের একই ঘটনার পুনরাবৃত্তি। বৃহস্পতিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গের একাধিক জায়গায়। বাড়তে থাকে নদীর জলস্তর। এক পর্যায়ে ফের ভেসে যায় দুধিয়ার অস্থায়ী হিউমপাইপের সেতু।

    হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে নিম্নচাপ সরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি কিছুটা দক্ষিণ -পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। হরিয়ানা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত। এটি ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যার প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। আজ, শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি সব জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাস। শনিবার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার থেকে কমবে বৃষ্টি। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ।
  • Link to this news (প্রতিদিন)