প্রধান শিক্ষককে হেনস্তার শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি, আর কী নির্দেশ শিক্ষামন্ত্রীর?
প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
সামনে ছুটছেন প্রধান শিক্ষক, পিছনে তাড়া ছাত্রদের। জলপাইগুড়ি জেলা স্কুলের লজ্জাজনক ছবি দেখেছে গোটা বাংলা। ‘শিক্ষাক পেটানো’র শাস্তি দিতে এবার অ্যাকশন রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনের। ছাত্রদের চিহ্নিত করে স্কুল থেকে বের করে দেওয়ার নির্দেশ। একদিনের মধ্যে ছাত্রদের চিহ্নিত করে ছাত্রদের টিসি দিতে নির্দেশ দেন মন্ত্রী।
শিক্ষক দিবসের ফিস্টকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষকের উপর প্রহারের ঘটনায় নিন্দার ঝড় গোটা রাজ্যে। এরপরেই অ্যাকশন নেয় স্কুলশিক্ষা দপ্তর। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখতে জলাপাইগুড়ির জেলা স্কুল পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে কথা বলে রিপোর্ট পেশ করেন শিক্ষা দপ্তরের গঠন করা পরিদর্শক দল। এবার সেই স্কুলে পা রেখেই কড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। তাঁর কথায়, “এটি নিন্দনীয় ঘটনা। ওই ছাত্ররা আর স্কুলে থাকতে পারবে না। তাদের জলপাইগুড়ির জেলা স্কুল থেকে ছুটি দেওয়া হবে। তাদের জন্য অন্য স্কুলে ভর্তির সুযোগ থাকবে। কিন্তু তারা আর এই স্কুলে পড়তে পারবে না।” শনিবারের মধ্যে ছাত্রদের চিহ্নিত করে টিসি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই স্কুলের ডিআইকে। একই সঙ্গে অন্য স্কুলে যাতে এই ছাত্ররা ভর্তি হতে পারে, তার জন্য অন্য স্কুলের প্রধান শিক্ষিক, শিক্ষিকাদের সহযোগিতার নির্দেশ দিন স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন।
শিক্ষক দিবসের বিশেষ খাওয়াদাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধে জলপাইগুড়ি জেলা স্কুলে। স্কুলে মিড ডে মিলের ঘরে শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। বেশ কয়েকজন ছাত্র মিড ডে মিলের ঘরে উঁকি দেওয়ায় তাদের বেধড়ক মারধর করেন প্রধান শিক্ষক। এই অভিযোগকে ঘিরে পালটা প্রধান শিক্ষকের উপর চড়াও হয় ছাত্ররা। তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। স্কুলেও ভাঙচুর করে বিক্ষুব্ধ পড়ুয়ারা। এবার সেই ছাত্রদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল মন্ত্রী।