• পচা মাছ-মাংস খাওয়াচ্ছিলেন সুজিত বসুর ছেলে? খাদ্য সুরক্ষা দপ্তরের নির্দেশে লেকটাউনে বন্ধ ২ নামী রেস্তরাঁ
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • পুর ও নগরোন্নয়ন দুর্নীতিতে গারদের ওপারে সুজিত বসু। এবার তাঁর ছেলের রেস্তরাঁয় মিলল পচা, ছত্রাক ধরা মাংস, মাছ। খোলা অবস্থায় পাওয়া গেল প্রচুর পরিমাণ মাংস, আইসক্রিম। বিধাননগর পুরনিগমের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা আজ, শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দু’টি রেস্তরাঁয় হানা দেন। রেস্তরাঁয় ওই মাছ, মাংস বেশি কিছুদিন ধরেই ফ্রিজে সংরক্ষণ করা ছিল বলে অভিযোগ। ওই রেস্তরাঁয় খেয়ে আসা মানুষদের তাহলে কি পচা, বাসি খাবার দেওয়া হত? সেই প্রশ্ন উঠেছে।

    বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় রেস্তরাঁ-সহ একাধিক জায়গায় হানা দিচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। বাসি, পচা মাছ-মাংস-সহ একাধিক খাদ্যসামগ্রী পাওয়া গিয়েছে। দোলের রং বিরিয়ানিতে মেশানোর মারাত্মক অভিযোগও সামনে এসেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে বিভিন্ন দোকানে মিষ্টিও তৈরি হচ্ছে বলে অভিযোগ। রাজ্যের ৬৫ টি প্রতিষ্ঠানের লাইসেন্স আপাতত বাতিল হয়েছে ইতিমধ্যেই। এবার সেই আবহে লেকটাউনের তিন রেস্তরাঁয় হানা দিল খাদ্য সুরক্ষা দপ্তর।

    এদিন বেলায় সিমলা বিরিয়ানি, চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা নামে তিনটি রেস্তরাঁয় অভিযান চলে। চাইনিজ কুইজিন ও বেঙ্গল ধাবা এই দুই রেস্তরাঁ এলাকার প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর ছেলের। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের অভিযোগ, এই দুই রেস্তরাঁয় প্রায় ৬০ কেজি মাংস এবং মাছ ফ্রিজে রাখা ছিল। বহু অংশেই পচন ধরেছে! দীর্ঘদিন ফ্রিজে মজুর রাখার কারণে সেগুলির উপর ছত্রাকের প্রলেপও পড়ে গিয়েছিল!

    শুধু মাছ-মাংসই নয়, মেয়াদ ফুরনো মশলা, ভিনিগারও মিলেছে। প্রচুর সংখ্যায় আইসক্রিমও খোলাভাবে মজুত রাখা হয়েছিল। অভিযানে বাজেয়াপ্ত করা সমস্ত খাবার ফেলে দেওয়ার নির্দেশ দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। শুধু তাই নয়, সুজিত বসুর ছেলের নামে থাকা চাইনিজ কুইজিন রেস্তরাঁটি আগামী দু’দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিযান আরও চলবে, এমনই জানিয়েছেন আধিকারিকরা।
  • Link to this news (প্রতিদিন)