১২ এবং ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম BRICS সম্মেলন। বিশ্বের নানা প্রান্ত থেকে এই মেগা আসরে আসছেন রাষ্ট্রনেতা, প্রতিনিধি এবং সাংবাদিকেরা। তাঁদের স্বাগত জানাতে এ বার শুধু বৈঠক আর কূটনৈতিক আয়োজন নয়। ভারতীয় সংস্কৃতির এক টুকরো ছবিও তুলে ধরা হচ্ছে তাঁদের সামনে। সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে বিশেষ একটি ‘গুডি ব্যাগ’। আর তার মধ্যেই রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের স্বাদ, শিল্প এবং ঐতিহ্যের ছোঁয়া।
ব্যাগ খুললেই প্রথমেই নজরে পড়ছে বিহারের ছাতু। বিহারে অত্যন্ত পরিচিত খাবার, সেখানকার দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। সাধারণত ভাজা ছোলা থেকে তৈরি ছাতু জল মিশিয়ে পানীয় হিসেবেও খাওয়া হয়। এ বার সেই ঘরোয়া খাবারই পৌঁছে যাচ্ছে বিদেশের সাংবাদিক ও রাষ্ট্রনেতাদের হাতে। অর্থাৎ BRICS-এর মতো বিশ্বমঞ্চে বিহারের একটি স্থানীয় স্বাদকেও পরিচয় করিয়ে দিচ্ছে ভারত।
এ ছাড়া ছাতুর সঙ্গে রয়েছে বিহারের মাখানাও। দেশের অন্যতম পরিচিত এই খাবারকে এ বার আন্তর্জাতিক অতিথিদের সামনে তুলে ধরা হচ্ছে। ছাতু আর মাখানা — দুই পণ্যই বিহারের খাদ্য ও কৃষি ঐতিহ্যের পরিচয় বহন করছে।
কফিপ্রেমীদের জন্যও রয়েছে এক দারুণ চমক। রয়েছে ওডিশার কোরাপুটের কফি। পাহাড়ি এলাকায় উৎপাদিত এই কফি ওডিশার তুলনামূলক কম পরিচিত একটি পরিচয়কে বিশ্বের সামনে নিয়ে আসছে। অর্থাৎ, এই ব্যাগে শুধু দেশের জনপ্রিয় খাবারই নেই। রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে তৈরি স্থানীয় পণ্যের গল্পও।
পোশাক এবং সাজগোজের ছোঁয়া দিতে ব্যাগে রাখা হয়েছে গুজরাটের ঐতিহ্যবাহী ব্লক-প্রিন্টের স্টোল। এটি দেখতে যেমন রাজকীয়, তেমনই দারুণ এর কারু কাজ। এর পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের জন্য রাখা হয়েছে একটি কফি মগ এবং উপহার সামগ্রী বহন করার মতো সুন্দর টোট ব্যাগ।
তবে সবচেয়ে কাজের জিনিসটি লুকিয়ে রয়েছে ব্যাগের ভিতরেই। উপহারের এই ব্যাগের মধ্যে একটি চার্জিং পোর্ট যুক্ত করা হয়েছে। ফলে সহজেই নিজেদের মোবাইল বা ক্যামেরা চার্জ দিয়ে নিতে পারবেন।
এই পুরো উদ্যোগের পিছনে রয়েছে বিদেশ মন্ত্রক বা MEA। MEA-র OSD বাসুদেব রবি জানিয়েছেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে ভারতের বৈচিত্র্য তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই কাজের জন্য বিহার, ওডিশা এবং গুজরাট — এই তিন রাজ্য সরকারের সঙ্গে
সহযোগিতা করেছে বিদেশ মন্ত্রক। তাই এই গুডি ব্যাগ আসলে শুধু উপহার নয়। একটি ব্যাগের মধ্যে বিহারের ছাতু, মাখানা, ওডিশার কোরাপুটের কফি আর গুজরাটের হস্তশিল্প জুড়ে দেওয়া হয়েছে ভারতের নানা প্রান্তের পরিচয়।