• পারিশ্রমিক কম, মেলে না অ্যাক্সিডেন্টাল বেনিফিট, কর্মবিরতিতে Swiggy-র ডেলিভারি কর্মীদের একাংশ
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • জ়্যোমাটোর পরে কর্মবিরতির ডাক খাবার ডেলিভারি সংস্থা সুইগির কর্মীদের। শুক্রবার দুপুরের পর থেকে কাজ বন্ধ করে দেন দক্ষিণ ২৪ পরগনার ডেলিভারি কর্মীদের একাংশ। পেট্রলের দাম বৃদ্ধি, স্বল্প পারিশ্রমিক এবং পর্যাপ্ত অর্ডার না পাওয়ার অভিযোগেই কর্মবিরতি বলে জানিয়েছেন তাঁরা।

    ডেলিভারি কর্মীদের অভিযোগ, বর্তমানে পেট্রলের দাম লিটার প্রতি প্রায় ১১৪ টাকা। অথচ সেই অনুপাতে তাঁদের পারিশ্রমিক বাড়েনি। বিশেষ করে মাল্টি-অর্ডারের (একজন কর্মী যখন একসঙ্গে সাত-আটটি ডেলিভারি দেন) ক্ষেত্রে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। কিন্তু তার পরে মেলে যৎসামান্য পারিশ্রমিক।

    কর্মীদের আরও অভিযোগ, নতুন রাইডার নিয়োগ বন্ধ রাখার আশ্বাস দিয়েছিলেন ম্যানেজার ও টিম লিডার। কিন্তু সেই আশ্বাস কার্যকর হয়নি। নিয়মিত নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। ফলে পুরোনো রাইডারদের হাতে পর্যাপ্ত অর্ডার থাকছে না। কমছে তাঁদের দৈনিক আয়ও।

    কর্মীদের দাবি, প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করেও অনেকের আয় ৩৫০ থেকে ৪০০ টাকা। এর মধ্যে প্রায় ২০০ টাকা খরচ হয়ে যায় পেট্রলে। তাঁদের হিসেব, ৮০০টি অর্ডারের জন্য যদি ৩৫ জন রাইডার থাকেন, তা হলে প্রত্যেকের গড়ে প্রায় ২০টি করে অর্ডার পাওয়ার কথা। বাস্তবে অনেক রাইডার দিনে ৩ থেকে ৮টি অর্ডার পাচ্ছেন বলে অভিযোগ।

    শুধু পারিশ্রমিক নয়, স্বাস্থ্য পরিষেবা এবং দুর্ঘটনাজনিত সুবিধা নিয়েও ক্ষোভ রয়েছে কর্মীদের মধ্যে। তাঁদের অভিযোগ, সংস্থার তরফে বিমার সুবিধা বা অ্যাক্সিডেন্ট বেনিফিট মেলে না। ইনশিওরেন্স থাকলেও দুর্ঘটনার সময়ে তা যথাযথ ভাবে কাজে লাগে না বলেও অভিযোগ তাঁদের।

    পারিশ্রমিক বৃদ্ধি, পর্যাপ্ত অর্ডার নিশ্চিত করা এবং স্বাস্থ্য ও দুর্ঘটনাজনিত সুবিধা কার্যকর করার দাবিতেই শুক্রবার কর্মবিরতি সুইগির কর্মীদের। এর আগে জ়োম্যাটোর ডেলিভারি কর্মীদের মধ্যেও একই ধরনের ক্ষোভ ও কর্মবিরতির ঘটনা সামনে এসেছিল।

    কেন কর্মবিরতির ডাক দিয়েছেন সুইগির ডেলিভারি কর্মীরা?

    পারিশ্রমিক বৃদ্ধি, পর্যাপ্ত অর্ডার পাওয়া এবং স্বাস্থ্য ও দুর্ঘটনাজনিত সুবিধা কার্যকর করার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা।

    পেট্রলের দাম কত বলে দাবি কর্মীদের?

    তাঁদের দাবি, বর্তমানে পেট্রলের দাম লিটারপ্রতি প্রায় ১১৪ টাকা।

    দিনে কত টাকা আয় করছেন অনেক ডেলিভারি কর্মী?

    কর্মীদের দাবি, ১২-১৪ ঘণ্টা কাজ করেও অনেকের দৈনিক আয় ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে সীমাবদ্ধ।

    অর্ডার নিয়ে তাঁদের অভিযোগ কী?

    নতুন রাইডার নিয়োগের ফলে পুরনো কর্মীদের হাতে পর্যাপ্ত অর্ডার থাকছে না বলে অভিযোগ। অনেক রাইডার দিনে মাত্র ৩ থেকে ৮টি অর্ডার পাচ্ছেন বলে দাবি।

    দুর্ঘটনার ক্ষেত্রে কী সুবিধা নিয়ে অভিযোগ?

    কর্মীদের অভিযোগ, ইনশিওরেন্সের ব্যবস্থা থাকলেও দুর্ঘটনার সময়ে তা যথাযথ ভাবে কাজে লাগে না এবং কার্যকর অ্যাক্সিডেন্ট বেনিফিটও মেলে না।

  • Link to this news (এই সময়)