• দিনহাটায় দম্পতির দেহ উদ্ধার, নিখোঁজ ছেলে ঘিরে রহস্য
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৬
  • দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় একই বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়াল। মৃতদের নাম সুকুমার বর্মন ও তাঁর স্ত্রী চম্পা রায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সুকুমারের মেজো মেয়ে টুম্পা তাঁর মাকে ফোন করেন। কিন্তু বেশ কয়েক বার ফোন করেও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁর। বাড়ি কাছাকাছি হওয়ায় তিনি তাঁর বড় ছেলেকে দিদা-দাদুর খোঁজ নিতে পাঠান। বাড়িতে পৌঁছে ওই কিশোর দেখতে পায়, বাড়ির মূল গেট এবং ঘরের দরজা খোলা। ভিতরে ঢুকে মেঝেতে দাদু ও দিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সে বিষয়টি তার মাকে জানায়।

    এর পরেই টুম্পা যায় ওই বাড়ি। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় দিনহাটা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও প্রশান্ত দেবনাথ এবং আইসি বুধাদিত্য রায়। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    টুম্পার দাবি, তাঁর বাবা প্রায়ই নেশা করে বাড়ি ফিরতেন। তা নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায়ই বিবাদ হতো। পাশাপাশি তাঁর ভাইও নেশায় আসক্ত ছিলেন বলে দাবি করেন তিনি। তাঁকে নিয়েও বাবা-মায়ের মধ্যে বিবাদ চলত।

    বিবাদের জেরে দু’জনের মধ্যে কেউ একে অপরকে খুন করেছেন, নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ দিকে ঘটনার পর থেকেই সুকুমারের ছেলে মহাদেব রায় বাড়ি থেকে নিখোঁজ বলে জানা গিয়েছে। তাঁকে ঘিরেও তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)