পুজোয় যাত্রীদের চাপ সামলাতে নতুন ২টি ট্রেন ঘোষণা রেলের। দুর্গাপুজো, দীপাবলি থেকে ছটপুজো পর্যন্ত যাত্রীদের ভিড় সামলাতে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। হাওড়া-লামডিং এবং কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে চলবে এই পুজো বিশেষ ট্রেন। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়সূচি মেনে ট্রেন চলবে। এই ট্রেনের ফলে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীরা যেমন সুবিধা পাবেন। পাশাপাশি মুর্শিদাবাদ ও মালদহের যাত্রীদেরও অতিরিক্ত ট্রেনের এই পরিষেবার সুবিধা মিলবে।
পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ০৩০০৫ হাওড়া-লামডিং পুজো স্পেশ্যাল প্রতি শুক্রবার হাওড়া থেকে ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। পরের দিন সকাল ৮টায় লামডিং পৌঁছবে। ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট সাতটি ট্রিপ করবে ট্রেনটি।
০৩০০৬ লামডিং-হাওড়া পুজো স্পেশ্যাল প্রতি শনিবার সকাল ১১টায় লামডিং থেকে ছাড়বে। পরের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছবে। ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত মোট সাতটি ট্রিপ করবে ট্রেনটি।
এই ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা এবং মালদহ টাউন স্টেশনে থামবে। ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং এসি কামরা থাকবে।
০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশ্যাল প্রতি শনিবার ও রবিবার কলকাতা থেকে রাত ১১টা ১০ মিনিটে ছাড়বে। পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট ১৪টি ট্রিপ করবে এই ট্রেন।
০৩১৩০ নিউ জলপাইগুড়ি-কলকাতা পুজো স্পেশ্যাল প্রতি রবিবার ও সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। পরের দিন রাত ১২টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছবে। ১৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ১৪টি ট্রিপ করে।
এই ট্রেনটি দু’দিকেই নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা এবং মালদহ টাউন স্টেশনে দাঁড়াবে। এই ট্রেনেও সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার এবং এসি কামরা থাকবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উপরোক্ত বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিংয়ের তারিখ পরে জানানো হবে।