• কুখ্যাত হুব্বা শ্যামলের সহযোগী BJP-র মঞ্চে, শুরু বিতর্ক, কী বললেন বিধায়ক?
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • দমদমের পরে এ বার হুগলির জাঙ্গিপাড়া। বিজেপির মঞ্চে দেখা গেল কুখ্যাত দুষ্কৃতীকে। হুগলির জাঙ্গিপাড়ার নীল আকাশ গ্রাম পঞ্চায়েতের খুড়িগাছি গ্রামে বিজেপির এক কর্মসূচিতে দেখা গেল রমেশ মাহাতো নামে এক দুষ্কৃতীকে বলে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক।

    সম্প্রতি সেই অনুষ্ঠানের কিছু ছবি (যাচাই করেনি এই সময়) সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিজেপির মঞ্চে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে রমেশ মাহাতোকে। সেই ছবি নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

    উল্লেখ্য, এই রমেশ মাহাতোর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। একাধিক খুন, তোলাবাজি এবং জমি দখলের মতো অপরাধে রমেশের নাম জড়িয়েছে বলে দাবি। কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্যামলের এক সময়কার ছায়াসঙ্গী হিসেবেও তাকে উল্লেখ করা হয়।

    বিষয়টি নিয়ে জাঙ্গিপাড়া বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগ জানিয়েছেন, এই ঘটনার তদন্ত হবে। ওই অনুষ্ঠানে বেশ কিছু বিজেপির কর্মী ছিলেন। বিজেপি বিধায়কের প্রশ্ন, কেন তাঁরা একজন সমাজবিরোধীকে এ ভাবে বিজেপির মঞ্চে তুললেন? কার অনুমতি নিয়ে এটা করা হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। বিষয়টি নিয়ে জেলা সভাপতি এবং রাজ্য সভাপতিকে রিপোর্ট দেবেন বিধায়ক বলেও জানান। বিধায়ক বলেন, ‘রমেশ মাহাতো একজন কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। তার কালো সাম্রাজ্য হাওড়া, হুগলির বিভিন্ন জায়গাতে রয়েছে। তাকে জাঙ্গিপাড়া এনে মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে।’

    উল্লেখ্য, অগস্ট মাসে দমদমে বিজেপির এক কর্মসূচিতে দেখা গিয়েছিল আড়িয়াদহের কুখ্যাত জয়ন্ত সিং ঘনিষ্ঠ শাগরেদ সুশোভন সরখেলকে। যদিও দমদম বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী দাবি করেছিলেন, কামারহাটির দুষ্কৃতী দমদমে এসে বিজেপির মঞ্চে গুতোগুতি করে এসে উঠে পড়ছে।

  • Link to this news (এই সময়)