• জলপাইগুড়িতে প্রধান শিক্ষকের উপরে হামলার ঘটনায় আটক এক পড়ুয়া, বাকি অভিযুক্তদের টিসি দেওয়ার নির্দেশ
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষকের উপরে হামলার ঘটনায় এক ছাত্রকে আটক করল কোতয়ালি থানার পুলিশ। শনিবার ওই ছাত্রকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে হাজির করানো হবে। ওই ঘটনার আর যারা যুক্ত তাদের চিহ্নিত করে শনিবারের মধ্যেই ট্রান্সফার সার্টিফিকেট (TC) দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।

    এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুল শিক্ষামন্ত্রী বলেন, ‘নিন্দনীয় ঘটনা। একটা বার্তা দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবল তাই নয়, বাকি কোন ছাত্র যুক্ত, তাদের চিহ্নিত করতে চার সদস্যের একটি টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আছে, সেটা জেলা প্রশাসন দেখবে।’

    শুক্রবার জলপাইগুড়ির ওই স্কুলে জেলা প্রশাসন, জলপাইগুড়ি শহর এবং শহরতলি এলাকার ২২টি স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে জানানো হয়েছে, যে সমস্ত ছাত্রদের টিসি দেওয়া হবে, তারা অন্য স্কুলে ভর্তি হতে পারবে।

    অন্য দিকে, মঙ্গলবারের ঘটনার পরে তিন দিন হয়ে গেলেও কেন অভিযুক্ত ছাত্রদের চিহ্নিত করতে পারেননি স্কুল কর্তৃপক্ষ তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি ঘটনায় বহিরাগতের ইন্ধন আছে কি না সেটাও দেখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

    মন্ত্রীকে কাছে পেয়ে এ দিন স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন স্কুলে উপস্থিত অবিভাবকেরা। কেবল তাই নয়, প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করার দাবিও করা হয়েছে। এক অভিভাবক কৃষ্ণা রায় বলেন, ‘এই ঘটনায় স্কুলের বদনাম হয়েছে এটা অস্বীকার করা যাবে না। কিন্তু যাদের টিসি দেওয়া হবে, তাদের অন্য স্কুল ভর্তি নেবে কি না সেটাই বড় প্রশ্ন। আবার এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা নিয়ে ছাত্র ভর্তি, শিক্ষিকার শ্লীলতাহানি, অন্য শিক্ষকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার মতো একাধিক অভিযোগ রয়েছে।’

    স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেশ অধিকারী বলেন, ‘মন্ত্রী নির্দেশ দিয়েছে ওই ছাত্রদের চিহ্নিত করতে। কিন্তু এই প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে। কারণ যে জায়গায় ঘটনা, সেখানে সিসি ক্যামেরা অ্যাক্টিভ আছে কি না জানা নেই।’ ঘটনার দিন স্কুলে একটি অনুষ্ঠান চলছিল, সুতরাং ওই ঘটনার সঙ্গে বহিরাগত যুক্ত কি না সেটাও দেখা হবে।

  • Link to this news (এই সময়)