চাকদহে ৩ দুষ্কৃতীর সঙ্গে ব্যাঙ্কে ডাকাতি ২ কর্মীর, সাজা ঘোষণা আদালতের
প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্যাঙ্ক ডাকাতিতে যুক্ত ব্যাঙ্ককর্মীরা। তিন দুষ্কৃতীর সঙ্গে পরিকল্পনা করে ডাকাতির ছক। নদিয়ার চাকদহে (Chakdaha) ব্যাঙ্ক ডাকাতিতে দোষী সাবস্ত্য দুই ব্যাঙ্ককর্মী ও তিন দুষ্কৃতী। ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র আইনে দুই অভিযুক্তকে অতিরিক্ত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সমস্ত সাজা একসঙ্গে কার্যকর হবে। দশ মাসের মধ্যে পাঁচ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল কল্যাণী মহকুমা আদালত। শুক্রবার দোষী ব্যাঙ্ক কর্মী অভিজিৎ ঘোষ, বাপ্পা ঘোষ, দুষ্কৃতী মহসিন মণ্ডল, রাজ্জাক মণ্ডল ও সাহেব মণ্ডলের সাজা ঘোষণা করলেন কল্যাণী ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতি সৌরভকুমার জানা।
১৯ আগস্ট, ২০২৫। সন্ধ্যায় দুই সশস্ত্র দুষ্কৃতী চাকদহের লালপুরের বেসরকারি ব্যাঙ্কে ডাকাতি করে। কর্মীদের গান পয়েন্টে রেখে ভল্ট থেকে বিপুল পরিমাণ সোনার অলঙ্কার লুট করে তারা। ঘটনার পর খবর যায় চাকদহ থানায়। তদন্ত শুরু করে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই ব্যাঙ্ককর্মী বাপ্পা ঘোষ ও অভিজিৎ ঘোষকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ৩ দুষ্কৃতীকেও গ্রেপ্তার হয়। দুষ্কৃতীদের কাছ থেকে ১৬৬ প্যাকেট ও ব্যাঙ্ক কর্মীদের থেকে ৮৩ প্যাকেট সোনা উদ্ধার করা হয়। পাশাপাশি আগ্নেয়াস্ত্র-সহ বেশ কিছু সামগ্রীও উদ্ধার করা হয়। সব মিলিয়ে প্রায় ৭ কেজি সোনা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ব্যাঙ্কের অভিযোগ ছিল, মোট প্রায় ১৫ কেজি সোনা লুটের ঘটনা ঘটেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ।
ঘটনার মাত্র দু’মাসের মধ্যেই তদন্ত শেষ করে পুলিশ। আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। বাকি আইনি প্রক্রিয়া শুরু হয়। মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। দ্রুত বিচারপ্রক্রিয়ার প্রায় দশ মাসের মধ্যেই কল্যাণী মহকুমা আদালত পাঁচ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। রাজ্জাক মণ্ডল ও সাহেব মণ্ডলকে আগ্নেয়াস্ত্র আইনের ২৫(১)(এ) ধারায় অতিরিক্ত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলায় সরকারি পক্ষের আইনজীবী হিসেবে সওয়াল করেন পাবলিক প্রসিকিউটর শ্রী ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। মামলার তদন্তকারী অফিসার ছিলেন চাকদহ থানার সাব-ইন্সপেক্টর সৌভিক ঘোষ।