• কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ছিনতাইবাজের রমরমা, ২৪ ঘণ্টায় শতাধিক অভিযোগ! পুলিশি অ্যাকশনে আটক ৬২
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • কৌশিকী অমাবস্যায় লাখ লাখ ভক্ত সমাগম হয়েছে তারাপীঠে। যার আগাম প্রস্তুতি হিসেবে মন্দির চত্বর মুড়ে ফেলেছিল পুলিশ। প্রশাসনিক নজরদারির মধ্যেও ভিড়ের সুযোগ নিয়ে তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনভর দাপিয়ে বেড়িয়েছে চোর-ছিনতাইবাজরা। পুলিশ সূত্রে খবর, ২৪ ঘণ্টায় তারাপীঠ থানায় একশোর বেশি অভিযোগ এসেছে। আর এরপরেই অ্যাকশনে পুলিশ সিসি ফুটেজ দেখে ৬২ জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।

    মন্দির চত্বরে মোতায়েন ছিল প্রায় চার হাজার পুলিশকর্মী, বসানো হয়েছিল তিনশোর বেশি সিসিটিভি ক্যামেরা, ছিল ফেস রেকগনিশন প্রযুক্তি এবং নজরদারির জন্য ছিল বিশেষ কন্ট্রোল ও ওয়ার রুম। এত কড়া নিরাপত্তার মধ্যেও কৌশিকী অমাবস্যার দিনে তারাপীঠে একের পর এক অভিযোগ জমা পড়ে থানায়। মোবাইল হারানো থেকে শুরু করে চুরি, ছিনতাই এবং অসভ্য আচরণের অভিযোগ—সব মিলিয়ে একদিনেই অভিযোগের সংখ্যা একশো ছাড়িয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    জেলার এক পুলিশ আধিকারিকের দাবি, থানায় জমা পড়া অভিযোগগুলির মধ্যে প্রায় ১০টি রয়েছে সোনার গয়না ও মানিব্যাগ চুরি কিংবা ছিনতাই সংক্রান্ত। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মোবাইল হারানো বা চুরির বিষয়ে। ভিড়ের সুযোগ নিয়ে মোবাইল খোয়া যাওয়ার একের পর এক অভিযোগ জমা পড়ায় কৌশিকী অমাবস্যায় দিনভর তৎপর ছিল পুলিশ। তবে অভিযোগ নেওয়ার পাশাপাশি সন্দেহজনক গতিবিধির উপরও নজর রেখেছিল পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত তারাপীঠের বিভিন্ন এলাকা থেকে মোট ৬২ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

    পুলিশের দাবি, বিপুল ভিড়ের সুযোগ নিয়ে চুরি বা পকেটমারির মতো ঘটনা রুখতে বিশেষ নজরদারি চালানো হয়েছিল। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আটক ৩২ জনের বিষয়ে তদন্ত চলছে। একইসঙ্গে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ও অন্যান্য সামগ্রী উদ্ধারের বিষয়েও পুলিশি প্রক্রিয়া চলছে।
  • Link to this news (প্রতিদিন)