বাড়ির সদর দরজা খোলা। ঘরের ভিতর পড়ে রয়েছে স্বামী-স্ত্রীর রক্তাক্ত দেহ। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও রয়েছে দুটি দেহে। ওই বৃদ্ধ দম্পতিকে খুন করা হয়েছে বলে মেয়ের দাবি। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায় (Dinhata)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওই দম্পতির নাম সুকুমার বর্মন ও চম্পা রায়। দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় একটি বাড়িতে তাঁরা থাকতেন। পেশায় ভ্যানচালক ছিলেন ওই বৃদ্ধ। গৃহবধূ ছিলেন চম্পা। আজ, শুক্রবার সকালে তাঁদের মেয়ে টুম্পা বাবা-মা’কে বেশ কয়েক বার ফোন করেছিলেন। কিন্তু কোনও সাড়া পাননি। অগত্যা তিনি তাঁর বড় ছেলেকে বাবা-মায়ের খোঁজ নিতে ওই বাড়িতে পাঠান।
ওই কিশোর হিমঘর এলাকার ওই বাড়িতে এসে দেখে দরজা খোলা। ঘরে ঢুকে দাদু-দিদাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। আতঙ্কে বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের খবর দেয়। স্থানীয়রা ওই দৃশ্য দেখে পুলিশে খবর দেয়। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ, আইসি বুধাদিত্য রায়-সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে হাজির হন। ওই দম্পতির মেয়ের অভিযোগ, বাবা-মা’কে খুন করা হয়েছে। স্থানীয়দের দাবি, ওই দম্পতির মধ্যে মাঝেমধ্যেই পারিবারিক বিবাদ হত। সেই বিবাদের জেরেই কি এই জোড়া মৃত্যু? নাকি অন্য কিছু? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটি খুন নাকি অন্য কিছু? পুরনো বিবাদ থেকে এমন ঘটনা নাকি সম্পত্তি গত বিবাদ? সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।