মহিলাকে ফোনে কুপ্রস্তাব-হুমকি! অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে গ্রেপ্তার বিজেপি নেতা
প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এবার কাঠগড়ায় বিজেপি নেতা। গ্রেপ্তার হলেন উত্তর ২৪ পরগনার রহড়া থানা এলাকার নেতা রমজান আলি। যদিও তাঁর দাবি, তিনি নিরাপরাধ, নারীঘটিত অপরাধে ইচ্ছাকৃতভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনা স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, নারীর প্রতি অন্যায় বা কোনও দুষ্কর্ম হলে দল প্রশ্রয় দেবে না। আইনের উর্ধ্বে কেউ নয়। নিরপেক্ষ তদন্ত চান তারা।
রমজান আলির বিরুদ্ধে অভিযোগ ঠিক কী? জানা যাচ্ছে, মহিলাকে ফোনে ক্রমাগত কুপ্রস্তাব ও হুমকি দিচ্ছিলেন রহড়ার ওই বিজেপি নেতা। মহিলার অভিযোগ, পারিবারিক সমস্যা মেটাতে তাঁর সাহায্য চেয়েছিলেন। সেই সূত্রেই রমজানের সঙ্গে মহিলার পরিচয়। পরে সমস্যা সমাধানের নাম করে তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া-সহ কুপ্রস্তাব দেওয়া হয়। তাতে রাজি না হলে মহিলার সমস্যা মিটবে না বলেও রমজান হুমকি দেন বলে অভিযোগ। আরও অভিযোগ, ওই কথোপকথনের অডিও রেকর্ডিংয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর রমজান লোকজন পাঠিয়ে তাঁকে ভয় দেখান। প্রাণনাশ-সহ নানা ভাবে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
এনিয়ে রহড়া থানার দ্বারস্থ হন মহিলা। একটি অডিও রেকর্ডিংয়ের সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। শুক্রবার গ্রেপ্তার করা হয় রমজানকে। তবে গ্রেপ্তারের পর পালটা অভিযোগ করেছেন রমজান। তাঁর দাবি, রাজনৈতিক চক্রান্ত করে তাঁকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে। খুনের হুমকিও পাচ্ছেন তিনি। শুক্রবার এনিয়ে বিজেপির বক্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নন। পুলিশ নিরপেক্ষ তদন্ত করবে। নারীর প্রতি অন্যায় বা কোনও দুষ্কর্ম হলে দল প্রশ্রয় দেবে না।