• বকেয়া না মেটালে সম্পত্তি নিয়ে বিক্রি করা হবে! সমবায়ে ঋণখেলাপিদের হুঁশিয়ারি মন্ত্রীর
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ঋণ নিয়েছেন, কিন্তু টাকা শোধ করেননি? বকেয়া না মেটালে এ বার সম্পত্তি অ্যাটাচ করে টাকা উদ্ধারের পথে হাঁটবে প্রশাসন। উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দপ্তরে গিয়ে কড়া বার্তা দিলেন সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া। পাশাপাশি ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম হলেও ছাড় নয় বলে বার্তা দিয়েছেন মন্ত্রী। বৈঠকের পর জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া বলেন, “এটা মানুষের টাকা। ঋণ নিয়ে যাঁরা টাকা শোধ করেননি, তাঁদের দ্রুত বকেয়া মেটাতে হবে। প্রয়োজন হলে সম্পত্তি অ্যাটাচ করে টাকা উদ্ধার করা হবে।”

    শুক্রবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে যান খাদ্য ও সমবায়মন্ত্রী অশোক কীর্তনিয়া। তাঁর উপস্থিতিতে বৈঠকে ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্কের প্রায় ২৫ কোটি টাকা বকেয়ার বিষয়টি ওঠে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিভিন্ন সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করা না হলে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে সম্পত্তি অ্যাটাচের মতো কঠিন পদক্ষেপ নেওয়া হবে। দেখা হবে না কোনও রাজনৈতিক রং। আধিকারিকও দায় এড়িয়ে যেতে পারবেন না বলে জানিয়েছেন মন্ত্রী। এ দিনের বৈঠকের পর তিনি বলেন, “রাজনৈতিক পরিচয় দেখা হবে না। টাকা উদ্ধার না হলে সংশ্লিষ্ট আধিকারিকের দায়ও খতিয়ে দেখা হবে। প্রয়োজনে অবসরপ্রাপ্ত আধিকারিকের পেনশন এবং কর্মরতদের বেতন থেকেও টাকা কাটা হতে পারে।”

    উল্লেখ্য, রাজ্যজুড়ে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮৩টি সমবায় ব্যাঙ্ক রয়েছে। এর মধ্যে রয়েছে রাজ্য সমবায় ব্যাঙ্ক। জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও বিভিন্ন শহুরে সমবায় ব্যাঙ্ক। এ ছাড়া রাজ্যে প্রায় রয়েছে ৪২টি শহুরে সমবায় ব্যাঙ্ক। হাজার হাজার প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি বা সমবায় সমিতিও রয়েছে। এগুলি থেকে ঋণ দেওয়া হয়। এবার সেখান থেকে ঋণ নিয়ে কেউ তা পরিশোধ না করলে, কঠোর পদক্ষেপ করা হবে জানালেন মন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)