• লাড্ডুতে পোকা দেখিয়ে ‘ব্ল্যাকমেল’, আইফোন ও ১০ হাজার টাকা চাওয়ার দাবি মহিলা ব্লগারের বিরুদ্ধে!
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • লাড্ডুতে পোকা দেখিয়ে মিষ্টি ব্যবসায়ীকে ‘ব্ল্যাকমেল’। আইফোন ও নগদ ১০ হাজার চাওয়ার অভিযোগ উঠল এক মহিলা ব্লগারের বিরুদ্ধে। উপায় না দেখে থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। ওই মহিলা ব্লগারকে থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক রেস্তরাঁ, মিষ্টির দোকানে হানা দিচ্ছে রাজ্যের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্যের ৬৫টি সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে।

    সেই আবহে গতকাল বৃহস্পতিবার হাবড়া এলাকার একটি মিষ্টি দোকানে উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সহেলী দে সূত্রধর নামে ওই ব্লগার দোকান থেকে দু’টি লাড্ডু ও দু’টি সন্দেশ কেনেন। কিছুক্ষণ পর লাড্ডুতে পোকা থাকার অভিযোগ তুলে দোকানে ফিরে যান। পরে অশোকনগরের দেবীনগরে তাঁর বাড়িতে মিষ্টির দোকানের মালিককে ডেকে পাঠিয়েছিলেন। ওই ব্যবসায়ী তাঁর বাড়িতে গেলেই ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে।

    ব্যবসায়ীর দাবি, সেখানে আইফোন ও ১০ হাজার টাকা চাওয়া হয়। নরেন বলেন, “লাড্ডুতে পোকা থাকার ছবি ফেসবুকে দিয়ে দেওয়ার কথা বলে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। শেষে আইফোন আর ১০ হাজার টাকা দাবি করা হয়। আমি পুরো কথাবার্তা গোপনে রেকর্ড করেছি।” ওই রেকর্ডিংয়ে সহেলীকে বলতে শোনা যায়, “এটা তো তোমার কাছে মামুলি আবদার।” নরেনের আরও অভিযোগ, বাড়িতে লাড্ডুতে পোকা ঢুকিয়ে পরে দোকানে অভিযোগ তোলা হয়েছিল। বৃহস্পতিবার রাতেই ওই ব্যবসায়ী হাবড়া থানায় ব্ল্যাকমেল ও মানহানির অভিযোগ দায়ের করেন ওই ব্লগারের বিরুদ্ধে।

    আজ, শুক্রবার ওই মহিলাকে থানায় দেকে পাঠায় পুলিশ। থানায় তিনি ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমেও তিনি ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন বলে খবর। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)