• আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
    প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • বিজেপি নেতা কুন্দন সিংয়ের বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি ৩ যুবকের! অভিযোগ তাঁরা রেইকি করছিলেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিশ। কেন তাঁরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলেন? কার নির্দেশে করছিলেন? এই বিষয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। ধৃতকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বাকি দুই যুবকের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম আকাশ চৌধুরী ওরফে গোলু। সূত্রে খবর, এর আগেও ওই নেতার বাড়ির আশপাশে অস্ত্র নিয়ে ঘোরাঘুরির অভিযোগে আকাশকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি ফের একই ধরনের অভিযোগ সামনে আসতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ধৃতকে বারাকপুর আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। বর্তমানে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের নজর এখন ওই আগ্নেয়াস্ত্র উদ্ধারের দিকে।

    পাশাপাশি, সিসিটিভি ফুটেজে আকাশের সঙ্গে আরও দু’জনকে দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের শনাক্তকরণ করে খোঁজ চালাচ্ছে পুলিশ। কুন্দন বলেন, “কেন রেইকি করা হচ্ছিল, তা যে অস্ত্র নিয়ে ঘুরছিল, সে-ই বলতে পারবে। এরা চিহ্নিত অপরাধী। পুলিশ এফআইআর করে গ্রেপ্তার করেছে। প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তবে এদের বিরুদ্ধে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।”
  • Link to this news (প্রতিদিন)