• দক্ষিণ কলকাতায় সিনেমা হলের সামনে বেপরোয়া গাড়ির ধাক্কা, জখম পুলিশ কর্মী
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • প্রিন্স আনোয়ার শাহ রোডে ডিউটি করার সময়ে একটি চার চাকার গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন যাদবপুর ট্র্যাফিক গার্ডের এক পুলিশ কর্মী। শুক্রবার রাতে নবীনা সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটে। জখম পুলিশ কর্মীর নাম সিকন্দর সিং।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে প্রিন্স আনোয়ার শাহ রোডে ডিউটিতে ছিলেন সিকন্দর। নবীনা সিনেমা হলের সামনে আচমকাই একটি চার চাকার গাড়ি তাঁকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করা হয়। তারপরেই চিকিৎসার জন্য বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই চার চাকার গাড়িটির চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

  • Link to this news (এই সময়)