• প্লাবিত এলাকায় ঝুঁকির বসবাস, ভূতনিতে জলে তলিয়ে গিয়ে মৃত্যু যুবকের
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • মালদার ভূতনিতে বন্যার জলে তলিয়ে গিয়ে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম অনিকুল হক (৩০)। তিনি উত্তর চণ্ডীপুরের নাজিরুদ্দিন টোলা গ্রামের বাসিন্দা ছিলেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ভূতনির একাধিক গ্রাম এখনও জলের তলায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে রাস্তার পাশে থাকা একটি গর্তের মধ্যে পড়ে যায় অনিকুল। বন্যার জলে এলাকা প্লাবিত থাকায় গর্তটি বোঝা সম্ভব হয়নি। সেই সময়ে আশপাশে কেউ না থাকায় দ্রুত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বন্যার জলে ডুবে তার মৃত্যু হয় বলে জানা যায়।

    ঘটনার খবর পেয়ে ভূতনি থানার পুলিশ নৌকার মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে। তবে ততক্ষণে অনিকুলের মৃত্যু হয়েছে বলে জানা যায়। বন্যার জেরে জলমগ্ন রাস্তা, গর্ত ও অচেনা পথ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দুর্গত এলাকায় সাধারণ মানুষকে আরও সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে।

    গঙ্গার জল বেড়ে বিগত কয়েকদিন ধরে ভূতনির তিনটি পঞ্চায়েতের ১৯টি গ্রাম জলমগ্ন। রাস্তাঘাট ও আবাদি জমির পাশাপাশি বহু মানুষের বাড়িতে জল ঢুকেছে। বন্যা কবলিত এলাকায় একাধিক হাসপাতালেও জল ঢুকেছে। হাসপাতালের পরিবর্তে উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত অফিসে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র খোলা হয়েছে।

  • Link to this news (এই সময়)