এই সময়: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দমকলের নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ফলে ওই নোটিসের ভিত্তিতে আপাতত আর কোনও পদক্ষেপ করা যাবে না। ১৬ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চ।
শুক্রবার শুনানিতে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত বলেন, ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ষষ্ঠ ও সপ্তম—এই দু’টি তলার লিজ নেওয়া হয়েছিল। গত ২৬ অগস্ট লিজ বাতিল করা হয়, যার বিরুদ্ধে মামলা চলছে জেলা আদালতে। এখন দমকল বলছে, ওই ফ্লোরগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ত্রুটিপূর্ণ। তারা ভবনটি পরিদর্শন করেছে এবং ছাদে বেআইনি নির্মাণ ও সপ্তম তলায় বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার রাখা আছে বলে জানিয়েছে। পুরো ভবনটিতেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নয় বলে ঘোষণা করা উচিত ছিল, কিন্তু দমকল বিভাগ ওই দু’টি ফ্লোরকেই শুধু নিরাপদ নয় বলে নোটিস দিয়ে খালি করার নির্দেশ দিয়েছে।
রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎনাথ মিত্র বলেন, সাত তলায় অনেক সিলিন্ডার পাওয়া গিয়েছে। সেগুলি পরীক্ষা করতেও দেওয়া হয়নি। ফায়ার অ্যালার্ম নন ফাংশনাল ছিল। অনেক কিছুই ডিফেক্টিভ ও নন ফাংশনাল ছিল। লিজ হোল্ডারদের বক্তব্য ছিল, এগুলি মালিকের দায়িত্ব। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বক্তব্য, ফায়ার লাইসেন্স পেতে সময় লাগে, সেটা এক দিনে হয় না। একটু সময় দেওয়া যেত। সন্তোষজনক জবাব না পেলে পদক্ষেপ করা যেত। শুনানি শেষ করে আদালত ১৬ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে।