• সাত মাস ধরে নিখোঁজ তরুণীর আধার OTP-তেই মিলল খোঁজ! জানা গেল, বিয়ে করে সংসার করছেন, মা হতে চলেছেন...
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • সাত মাস ধরে নিখোঁজ ছিলেন তরুণী। ফোনে OTP আসতেই মিলল খোঁজ। জানা গেল, বাড়ি থেকে পালিয়ে গিয়ে এক যুবকের সঙ্গে গুছিয়ে সংসার করছেন এবং তিনি সন্তানসম্ভবা। পুলিশ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে বেঙ্গালুরু থেকে নিখোঁজ হয়ে যান প্রি-ইউনিভার্সিটি কোর্সের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই তরুণী। সেই থেকে ১৮ বছর বয়সি ওই ছাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। চলতি সপ্তাহের শুরুতে আধার-সংযুক্ত ওটিপির মাধ্যমে তাঁর খোঁজ মেলে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, চলতি বছরের ৩১ জানুয়ারি বেঙ্গালুরুর বিদ্যারণ্যপুরা এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন ওই তরুণী। শুরু হয় খোঁজখবর। কোনও ভাবেই তাঁকে পাওয়া যায়নি। তদন্তভার নেয় সিআইডি। NDTV-র খবর অনুযায়ী, সিনিয়র এক CID অফিসার জানান, কনকপুরা তালুকের একটি গ্রামে এক যুবকের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন তিনি। সন্তানের মা-ও হতে চলেছেন।

    পুলিশের বক্তব্য অনুযায়ী, তাঁরই এক বন্ধুর সঙ্গে শেষবার বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। বাড়িতে বলে গিয়েছিলেন, কলেজে যাচ্ছেন। দু’জনের কেউই মোবাইল ফোন সঙ্গে নেননি। নিয়েছিলেন নিজেদের আধার কার্ড ও কলেজের ব্যাগ। পরে তাঁরা মালে মহাদেশ্বর পাহাড় এলাকায় যান এবং সেখান থেকে দুই বন্ধু আলাদা হয়ে যান। তাঁদের খুঁজে বের করতে পুলিশের একাধিক দল কাজ করছিল।

    এপ্রিল মাসে কর্নাটক হাইকোর্টে ওই তরুণীর বাবা-মায়ের দায়ের করা হেবিয়াস কর্পাস আবেদনের পর আদালতের নির্দেশে সিআইডি তদন্তের দায়িত্ব নেয়। চলতি সপ্তাহের শুরুতে তদন্তকারীরা জানতে পারেন যে, ওই তরুণী সম্প্রতি তাঁর আধারের তথ্য ব্যবহার করেছিলেন এবং ওটিপি পাওয়ার জন্য তাঁর স্বামীর মোবাইল নম্বর দিয়েছিলেন। তবে আধারের তথ্য কোন পরিষেবার জন্য ব্যবহার করা হয়েছিল, তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি তথ্য তারা সামনে আনবে না। কারণ, ওই তরুণীর বন্ধুর এখনও খোঁজ মেলেনি।

    পুলিশ ওই মোবাইল নম্বরটির সন্ধান করে জানতে পারে যে, সেটি তরুণীর স্বামীর। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ তরুণীর অবস্থান জানতে পারে। হাইকোর্টে হাজির করানোর পরে তরুণীকে তাঁর বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এখনও নিখোঁজ থাকা আরও এক তরুণীর খোঁজ চলছে।

  • Link to this news (এই সময়)