বাঁকুড়ায় বাজেয়াপ্ত চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বাঁকুড়ার ডুমুরজুড়ি গ্রামে বিশেষ অভিযান চালায় আবগারি দপ্তর। সেই অভিযানের তল্লাশিতে একটি গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় ৮০ টিন গুড়, ১০ কেজি বাখর ও বিপুল পরিমাণ ইস্ট। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কর্ণাটকের পূর্তমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে কলকাতায় ইডি-র হানা। কলকাতা, বেঙ্গালুরু-সহ ২১টি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। প্রায় সাড়ে ৩ কোটি টাকা ছাড়াও ডলার-ইউরো মিলিয়ে ১৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে তল্লাশিতে।
রবিবার সকালে টালিগঞ্জ (মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন) থেকে ব্রিজি (শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন) পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজের জন্য মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো চলাচল। সন্ধে ৬.৩০-র পর থেকে মেট্রো চলাচল আবার স্বাভাবিক হবে।
আসল তৃণমূল কারা— এই নিয়ে বাকযুদ্ধ চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সমস্যার সমাধানে আবেদন করা হয়েছিল ইলেকশন কমিশনের কাছে। আজ, শনিবার সেই মামলার শুনানি। শেষ পর্যন্ত কোন শিবিরের হাতে যেতে চলেছে তৃণমূলের জোড়াফুল, সেটাই দেখার।
শনিবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন। ১১ সদস্য রাষ্ট্র এবং ১০ সহযোগী রাষ্ট্রের প্রতিনিধিরা থাকছেন বৈঠকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রাজধানী দিল্লিতে। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংও দিল্লিতে আসতে চলেছেন ব্রিক্স সম্মেলনে যোগ দিতে।
বর্ষার মরশুম প্রায় শেষের পথে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যে চলছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দিনভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।