• আনাজ বিক্রেতাকে জোর করে চুমুর চেষ্টার অভিযোগ, ধৃত অভিযুক্ত
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, চন্দ্রকোণা: বাজারে এক মহিলা আনাজ বিক্রেতাকে জোর করে চুমুর চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা থানার শ্রীনগরে। তার আগে অবশ্য ওই ব্যক্তিকে খুঁটিতে বেঁধে মারধরেরও অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম মনসুর খান। বাড়ি হুগলির গোঘাট থানার অনুপনগর এলাকায়।

    পুলিশ জানিয়েছে, শ্রীনগরে আনাজ বিক্রির পাশাপাশি একটি চায়েরও দোকান চালান স্থানীয় এক মহিলা। ধৃত মনসুরও নিয়মিত ওই বাজারে আসেন। মহিলার দোকানে চা খান। সেই সুবাদে মহিলার সঙ্গে তাঁর পরিচয়ও ছিল। তবে মহিলার অভিযোগ, মনসুর তাঁকে উত্ত্যক্ত করতেন। মাঝেমধ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও করতেন। একই বাজারে দু'জন ব্যবসা করায় প্রথমে বিশেষ আমল দেননি মহিলা।

    শুক্রবার ঘটনা অন্য দিকে মোড় নেয়। মহিলার অভিযোগ, এ দিন সকালে দোকানে তেমন ক্রেতা না থাকায় মনসুর তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে থাকেন। আচমকা তাঁকে জড়িয়ে ধরে চুমু খাওয়ারও চেষ্টা করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। মহিলার থেকে গোটা বিষয়টি জেনে ক্ষিপ্ত জনতার একাংশ মনসুরকে খুঁটিতে বেঁধে মারধর করেন। পুলিশ জানিয়েছে, ওই মহিলা অভিযোগ দায়ের করেছেন। ধৃতকে জেরা করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)