• ‘টাটকা তো?’ দিঘা–মন্দারমণিতে রেস্তোরাঁয় খেতে গিয়ে সাবধানী পর্যটকরা
    এই সময় | ১২ সেপ্টেম্বর ২০২৬
  • এই সময়, কাঁথি: সামনেই পুজো। আর পুজো মানেই হোটেল–রেস্তোরাঁয় খাবার হুজুগ। সঙ্গে বেড়ানো তো রয়েছেই। ফলে দিঘা–মন্দারমণির মতো পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় যে উপচে পড়বে তা বলাইবাহুল্য। তবে তার আগেই জেলায় জেলায় খাদ্য দপ্তরের অভিযান অব্যাহত। পূর্ব মেদিনীপুরের এই সব সৈকতে একাধিক হোটেল রেস্তোরাঁর খাবারের মান নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বেশ কিছু হোটেল–রেস্তোরাঁকে নোটিসও পাঠানো হয়েছে। এতে যে জনমানসে গভীর প্রভাব পড়েছে তা অস্বীকার করছেন না সেখানকার ব্যবসায়ীরা। এমনকী সৈকত শহরের হোটেল–রেস্তোরাঁয় খেতে গিয়ে ‘খাবার টাটকা তো’, পযটকের এমন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অনেক রেস্তোরাঁ মালিককে।

    গত ১ সেপ্টেম্বর থেকে জেলায় জেলায় হোটেল–রেস্তোরাঁয় অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তর। দিঘা, মন্দারমণি, কাঁথি, এগরা, তমলুক, হলদিয়া– সহ জেলার একাধিক জায়গায় হোটেল ও রেস্তোরাঁয় অভিযানে অনেক জায়গাতেই খাবারের মান প্রশ্নের মুখে। হেঁশেল থেকে মিলেছে পচা মাছ–মাংস, ক্ষতিকারক ফুড কালার। এমনকী মানের প্রশ্নে রেহাই মেলেনি পানীয় জলেরও। ইতিমধ্যেই জেলার একাধিক হোটেল–রেস্তোরাঁকে নোটিস পাঠানো হয়েছে। তালিকায় রয়েছে দিঘা–মন্দারমণিও। এ সব খবরে স্বাভাবিক ভাবেই ক্রেতাদের মনে সংশয় তৈরি হয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাঁরাই জানিয়েছেন, খাবার টাটকা কি না তা নিয়ে প্রশ্ন করছেন খদ্দেররা। ক্রেতাদের প্রশ্নের মুখে তাঁদেরও পড়তে হচ্ছে বলে জানিয়েছেন মিষ্টি বিক্রেতারা।

    খাদ্য সুরক্ষা দপ্তরের এই তৎপরতায় ক্রেতারা যে বেশ সচেতন হয়েছেন তা স্বীকার করছেন হোটেল–রেস্তোরাঁর মালিকরা। খাবারের মান নিয়ে ক্রেতারা যেমন জানতে চাইছেন। তেমনই প্রশাসনের এমন পদক্ষেপের পরে হোটেল–রেস্তোরাঁগুলিও যে সতর্ক হয়েছে সে কথা জানিয়েছেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না। অনেক হোটেল–রেস্তোরাঁর কর্মীকেই দেখা যাচ্ছে সুরক্ষা বিধি মেনে মাথায় ক্যাপ, মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে কাজ করতে।

    কাঁথি আদালতের কাছে শহরের পুরোনো মিষ্টির দোকানের মালিক বিষ্ণুপদ জানা বলেন, ‘আমরা মিষ্টিতে কোনও রঙ ব্যবহার করি না। তবে যে ভাবে কড়া নজরদারি চলছে তাতে এ বার দোকানকে নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি।’ দিঘার এক রেস্তোরাঁ মালিকের কথায়, ‘টাটকা খাবার পরিবেশন করতে মাছ–মাংসের আইটেম কম পরিমাণে তৈরি করা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)