বাঁকুড়া পুলিশের নেতৃত্বে ঝাড়খণ্ডে মাওবাদীদের ‘ডেরা’য় যৌথ অভিযান, উদ্ধার বিপুল অস্ত্র-গুলি
প্রতিদিন | ১২ সেপ্টেম্বর ২০২৬
মাওবাদীদের অস্ত্রভাণ্ডারের সন্ধানে ঝাড়খণ্ডে যৌথ অভিযান বাঁকুড়া পুলিশের। মিলল বড়সড় সাফল্য। উদ্ধার বিপুল-অস্ত্রগুলি। ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত আইএনএসএএস রাইফেল উদ্ধার হয়েছে। জেলা পুলিশের নেতৃত্বে সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশ সারাইকেলা-খরসওয়ান জেলার কুচাই থানার ধলভাঙ্গা ওপি এলাকার রোলাহাটু পাহাড়ে অভিযান চালায়। অভিযানে উদ্ধার করেছে দু’টি INSAS রাইফেল, ১০৩ রাউন্ড গুলি এবং ছ’টি খালি ম্যাগাজিন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মাওবাদীদের লুকনো অস্ত্রভাণ্ডারের সন্ধানে এই অভিযান চালানো হয়। রোলাহাটু পাহাড়ে তল্লাশি চালানোর সময় মাটির নিচে বা জঙ্গলের আড়ালে রাখা ওই অস্ত্র ও গুলি উদ্ধার হয়। এরপর একই থানার অন্তর্গত বোরুহাটু ও জামব্রো পাহাড়েও যৌথভাবে অভিযান চালানো হয়। তবে সেখানে আগে তৈরি করা ডাম্পের কোনও হদিশ মেলেনি।
ওই অস্ত্রের ডাম্পে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের কয়েকজন আত্মসমর্পণ করেছেন অথবা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। সেই পরিস্থিতিতে মাওবাদীরা আগেই বোরুহাটু ও জামব্রো পাহাড়ের ডাম্পগুলি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে থাকতে পারে। এমনটাই অনুমান তদন্তকারীদের। ফলে ওই দুই এলাকায় পুরনো ডাম্পের কোনও অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার করা যায়নি।
পুলিশ সূত্রে খবর, অভিযানের পর ওই এলাকায় আরও তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং সেগুলি কোনও নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না? তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সরিয়ে নেওয়া অস্ত্রভাণ্ডারের সন্ধানেও নজরদারি বাড়ানো হয়েছে।